ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » টানা অষ্টম দিন সাজেকে সড়ক অবরোধ

টানা অষ্টম দিন সাজেকে সড়ক অবরোধ

নবপ্রকাশ ডেস্ক:

পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে টানা অষ্টম দিনেও সাজেকে সড়ক অবরোধ চলছে। এতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সন্তু লারমা গ্রুপের জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এ অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠন দুটি।

বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে কোনো প্রকার যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। অবরোধকারীরা সকালে বাঘাইহাটের ১০ নম্বর ও মাচালং ১৪ কিলোমিটার এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে চলাচলে বাধা সৃষ্টি করে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দীর্ঘমেয়াদি অবরোধের কারণে যানবাহন ও পণ্য সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে পড়েছেন।

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে উজোবাজারে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে চারটিতে সমঝোতা হলেও একটি দাবি নিয়ে একমত হতে না পারায় আলোচনা অমীমাংসিত থাকে। এরপর প্রশাসনের পক্ষ থেকে পুনর্নো আলোচনার কোনো উদ্যোগ না থাকায় এলাকায় এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

এদিকে জেলা প্রশাসন গঠিত তিন সদস্যের কমিটি গত সোমবার স্থানীয় হেডম্যান ও কার্বারিদের নিয়ে একটি মতবিনিময় সভা করলেও আন্দোলনকারী কার্বারি সংগঠনের প্রতিনিধিরা তাতে অংশ নেননি। সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা জানান, তারা সভার বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন এবং পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকলেও কোথাও কোনো পিকেটিং বা সংঘাতের খবর পাওয়া যায়নি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, অবরোধকারীদের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে উর্ধ্বতন মহলের কোনো নির্দেশনা আপাতত নেই, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে