ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এপস্টেইন ফাইলের হাজার হাজার নথি গোপন রাখা হলো কেন?

এপস্টেইন ফাইলের হাজার হাজার নথি গোপন রাখা হলো কেন?

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রয়াত বিতর্কিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত সংবেদনশীল নথি প্রকাশ নিয়ে আবারও বড় ধরনের বিতর্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) সম্প্রতি প্রকাশ করা নথিপত্রে শ্রেণিবদ্ধ তথ্যের উল্লেখ এবং হাজার হাজার পৃষ্ঠার ধারাবাহিকতায় নানা ধরণের অসঙ্গতি উন্মোচন করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

বুধবার প্রকাশিত সিবিএস নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, ডিওজে-র উন্মুক্ত করা এপস্টেইন ফাইলসের অন্তত তিনটি নথিতে শ্রেণিবদ্ধ তথ্যের স্পষ্ট উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নথি থেকে জানা যায়, ২০২৫ সালের মার্চে তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের কার্যালয়ে এপস্টেইন-সম্পর্কিত শ্রেণিবদ্ধ উপাদান পাঠানো হয়েছিল। অথচ ব্ল্যাঞ্চ আগে দাবি করেছিলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে কোনো নথি আটকে রাখা হয়নি। তবে ঠিক কী ধরনের তথ্য গোপন বা শ্রেণিবদ্ধ করা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সংগৃহীত প্রায় ৬০ লাখ পৃষ্ঠার মধ্যে যাচাই-বাছাই শেষে ৩০ লাখেরও বেশি পৃষ্ঠা জনসম্মুখে আনা হয়েছে এবং একই তথ্যের পুনরাবৃত্তি ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থেই বাকি নথি প্রকাশ করা হয়নি। তবে নথির ক্রমিক নম্বর বিশ্লেষণ করে সিবিএস নিউজ আর্থিক হিসাব ও ইমেইলের মধ্যে বিপুল সংখ্যক পৃষ্ঠার ঘাটতি খুঁজে পেয়েছে। এমনকি এপস্টেইনের ব্যাংক হিসাবের অন্তত ৬৬টি চেকের ছবি গায়েব থাকার ইঙ্গিতও পাওয়া গেছে। সাবেক মার্কিন ফেডারেল প্রসিকিউটর বারবারা ম্যাককুয়েড জানান, আর্থিক নথি গোপন রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তথ্য গোপন ও অসঙ্গতির প্রতিবাদে স্বাধীন সাংবাদিক কেটি ফ্যাং বিচার বিভাগের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করেছেন। নথিপত্র প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়ে ডিওজে কিছু ভুলের কথা স্বীকার করলেও, সিবিএস নিউজের এই নতুন অনুসন্ধানের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সব মিলিয়ে এপস্টেইন নথি প্রকাশের পেছনে সত্য গোপনের অভিযোগ আরও জোরালো রূপ নিচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে