ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

নবপ্রকাশ ডেস্ক:

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া, মামলার অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তাদের সবাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক ছিলেন। আদালতে পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন।

এর আগে, গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। পরবর্তীতে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনাল আজ (বৃহস্পতিবার) রায় ঘোষণার দিন ধার্য করেন।

গত বছরের ২ নভেম্বর এ মামলায় চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগগুলোর মধ্যে ছিল— জুলাই গণঅভ্যুত্থান দমনে আসামিদের উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র, আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ এবং ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার ঘটনায় সরাসরি সংশ্রব ও সহায়তা করা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে