নবপ্রকাশ ডেস্ক:
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ শুনানি শুরু হয়।
শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা প্রায় তিন গুণ বাড়ানোর লিখিত প্রস্তাব দিয়েছেন। বিইআরসিতে জমা দেওয়া আবেদনপত্র সূত্রে জানা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার দাবি জানিয়েছে।
একই সঙ্গে মধ্যস্থতাকারী পরিবেশকেরা তাঁদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকার জায়গায় ৭০ টাকা নির্ধারণের আবেদন জানিয়েছেন।
দেশে এলপিজি আমদানির জন্য নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৩০টি হলেও বর্তমানে মাত্র ছয়টি প্রতিষ্ঠান নিয়মিতভাবে তা আমদানি করে থাকে। এ ছাড়া আমদানিকারকদের কাছ থেকে প্রক্রিয়াজাত গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার কাজে যুক্ত রয়েছে ১২টি প্রতিষ্ঠান। বিইআরসি সকল পক্ষের যুক্তি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
