ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকা ও বেইজিংয়ের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে ‘শেয়ার্ড কমিউনিটি’ বা যৌথ অংশীদারত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি ও নিয়মিত পর্যালোচনার লক্ষ্যে প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২ মেকানিজম’ চালুর প্রক্রিয়া নিয়েও ইতিবাচক আলোচনা হয়।

বাংলাদেশে তিন বছর নয় মাসের কার্যকাল সম্পন্ন করা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময়কালে কাজ করতে পেরে গভীর আনন্দ ও সম্মান প্রকাশ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিদায়ী রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের সার্বিক উন্নয়নযাত্রায় চীন সবসময় অন্যতম নির্ভরযোগ্য সহযোগী হিসেবে সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও জানান, চীনের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা প্রসারে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদায়ী চাইনিজ রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সার্বিক সুস্বাস্থ্য এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে