মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে গাজীপুরের শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ।
তল্লাশি চালিয়ে বিভিন্ন আকারের প্যাকেটে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় তাহমিনা নামে এক নারীকে।
আজ বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, গ্রেপ্তার তাহমিনা কথিত মাদক কারবারি কবির হোসেনের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান কবির হোসেন।
উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৮৮ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ সুপার জানান, কবির হোসেন আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। বিভিন্ন এলাকা থেকে বড় চালান এনে খুচরা বিক্রেতাদের মাধ্যমে মাদক বিক্রি করা হতো বলেও দাবি পুলিশের।
এ ঘটনায় এসআই আব্দুল কুদ্দুসের করা এজাহারের ভিত্তিতে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কবিরের নামে দেশের বিভিন্ন জেলা একাধিক মাদক মামলা রয়েছে।
পলাতক কবির হোসেনসহ মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
