স্টাফ রিপোর্টার, নবপ্রকাশ:
কুমিল্লায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আসামিরা অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যেই ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের পরিচয় ও বয়স সম্পর্কে মন্ত্রী জানান, আসামিরা মূলত একটি কিশোর অপরাধ চক্রের সঙ্গে জড়িত। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার সঠিক বয়স নির্ধারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের কাজ চলছে। তারা নিহত অপ্রতিমের চেয়ে আনুমানিক ৫ থেকে ১০ বছরের বড় হলেও তাদের মধ্যে সখ্যতা ও আড্ডা দেওয়ার সম্পর্ক ছিল।
হত্যাকাণ্ডের প্রধান আলামত হিসেবে অপ্রতিমের সাথে থাকা আইফোনটি উদ্ধার করা হয়েছে প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার সমস্ত আলামত ইতোমধ্যে জব্দ করা হয়েছে। পুলিশ বর্তমানে ফরেনসিক বিশ্লেষণ সম্পন্ন করছে এবং আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আইনি প্রক্রিয়া চালাচ্ছে।
দ্রুত বিচার সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুততম সময়ে হয়েছে, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও সংক্ষিপ্ত সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার আইনানুগ প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের মাধ্যমে পূর্ণ সহযোগিতা করবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সাথে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী।
