ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কিড মেসিকে পেতে গোপনে কাজ চালাচ্ছে রিয়াল মাদ্রিদ

কিড মেসিকে পেতে গোপনে কাজ চালাচ্ছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক:

ওল্ড ট্র্যাফোর্ডের চেনা ঘাসে প্রথমবার নামতেই একদম সাবলীল। এফএ ইউথ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে তুলে নিতে পিটারবরো ইউনাইটেডের বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি আসে তাঁর পা থেকেই। জারিয়াহ শাহের গতিময় টার্ন ও ক্রসের পর নাথানিয়েল-জুনিয়র ব্রাউনের তৈরি করে দেওয়া বলে ১৮ গজ বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত গতি ও নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান জেজে গ্যাব্রিয়েল।

১ হাজার ৩৭৮ জন দর্শকের সামনে তাঁর হাঁটু গেড়ে স্লাইড করার দৃশ্যটি ছিল দেখার মতো। মাঠে আসা দর্শকদের বড় একটি অংশ সেই ম্যাচে মূলত এসেছিল এই উদীয়মান তারকার ঝলক দেখতে। সেটা ছিল ২০২৫ সালের ডিসেম্বরের কথা। তবে নয় মাস পর, আজ অন্য এক কারণে শিরোনামে গ্যাব্রিয়েল।

১৫ বছর বয়সী এই বিস্ময় বালক আনুষ্ঠানিকভাবে ক্লাব ছাড়ার আবেদন জানিয়ে ‘ডি-রেজিস্ট্রেশন’ চিঠি জমা দিয়েছেন। যা ইউনাইটেডের অ্যাকাডেমিতে বড় এক ধাক্কা হিসেবে এসেছে। ফলে তাঁর ক্লাব ছাড়ার সম্ভাবনাটি এখন অনেকটাই স্পষ্ট।

এর আগেও ২০২৫ সালের গ্রীষ্মে অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী ক্লাব ছাড়ার সুযোগ সৃষ্টি হয়েছিল গ্যাব্রিয়েলের সামনে। তখন চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তাঁকে ভেড়াতে আগ্রহী ছিল। সে সময় তাঁর দল ত্যাগ একপ্রকার নিশ্চিতই দেখাচ্ছিল। কিন্তু ইউনাইটেডের ডিরেক্টর অব ফুটবল জেসন উইলকক্স জরুরি ভিত্তিতে তাঁর পরিবারের সাথে বৈঠক করে ব্যাপারটা সামধান করেন।

গ্যাব্রিয়েলের বাবা জো ও’ক্যারল নিজেও একজন পেশাদার ফুটবলার ছিলেন এবং আয়ারল্যান্ডের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তাঁদের ওল্ড ট্র্যাফোর্ডের ডিরেক্টরস বক্সে বিশেষ অতিথি হিসেবে সম্মান জানানো হয়েছিল।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদন অনুযায়ী, ম্যান ইউনাইটেডের এই বিস্ময় বালককে সই করানোর লক্ষ্যে বেশ কয়েক মাস ধরে অত্যন্ত গোপনে কাজ করে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার মতো ক্লাবগুলোর আগ্রহ থাকা সত্ত্বেও, এই ইংলিশ উদীয়মান তারকাকে দলে টানার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ‘লস ব্লাঙ্কোস’রা।

মাদ্রিদ গ্যাব্রিয়েলকে প্রাথমিকভাবে ক্লাবের যুব দল ‘কাস্তিয়া’র হয়ে এবং উইয়েফা যুব লিগে খেলাতে চায়। তবে ক্লাব কর্তৃপক্ষ তাঁকে ভবিষ্যৎ মূল দলের এক বড় তারকা হিসেবেই বিবেচনা করছে।

উল্লেখ্য, মাত্র নয় বছর বয়সেই একটি ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পর ‘কিড মেসি’ ডাকনাম অর্জন করে ব্যাপক নজর কাড়েন গ্যাব্রিয়েল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের মতো সুযোগ পেলেই প্রতিপক্ষের রক্ষণ গুড়িয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে