ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ০-৩ থেকে ৪-৩: সুলিভানদের অবিস্মরণীয় জয়

০-৩ থেকে ৪-৩: সুলিভানদের অবিস্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক:

তখন ম্যাচের ৬৪ মিনিট। স্কোরবোর্ডে স্বাগতিক স্পোর্টিং কানসাস সিটির পক্ষে ৩-০ ব্যবধান। কানসাস সিটির বিশাল জয় যখন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, ঠিক তখনই মেজর লিগ সকারে (এমএলএস) রচিত হলো এক অবিশ্বাস্য নাটকীয় চিত্রনাট্য। ম্যাচের ৬৪ থেকে ৭৩ মিনিটের মধ্যে—মাত্র ৯ মিনিটের ঝড়ে পরপর ৪টি গোল করে জয় ছিনিয়ে নিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। রোমাঞ্চকর এই ম্যাচে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা, যেখানে এক গোল ও অ্যাসিস্টে জয়ের অন্যতম নায়ক ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান তারকা কাভান সুলিভান।

এমএসএলের এই ম্যাচে কানসাস সিটির ঘরের মাঠে স্বাগতিকরাই শুরু থেকে আধিপত্য দেখায়। ম্যাচের পঞ্চম ও দশম মিনিটে পরপর জোড়া গোল করেন কানসাসের আন্দ্রে লুইজ। এরপর ১৬তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন ওয়াট মেয়ার। প্রথম ১৬ মিনিটেই ম্যাচ পুরোপুরি কানসাসের কব্জায় চলে আসে। ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত নিজেদের পোস্ট অক্ষত রেখে জয়ের পথেই ছিল কানসাস।

তবে ৬৪ মিনিটের পর মোড় ঘোরে ম্যাচের। ব্রুনো দামিয়ানির দারুণ এক গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ফিলাডেলফিয়া ইউনিয়ন। এর মাত্র দুই মিনিট পর (৬৬ মিনিটে) দামিয়ানির পাস থেকেই নিখুঁত শটে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন তরুণ সুলিভান।

ঝড়ের গতিতে আক্রমণ চালিয়ে ৬৮ মিনিটে মিলান ইলোস্কির গোলে ৩-৩ সমতায় ফেরে ফিলাডেলফিয়া। আর ৭৩তম মিনিটে ফিলাডেলফিয়ার প্রবল চাপের মুখে পড়ে কানসাস সিটির ডিফেন্ডার জোরান বাসং নিজেদের জালে বল জড়িয়ে দিলে (আত্মঘাতী গোল) ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই অবিশ্বাস্য এক কামব্যাক জয়ের ইতিহাস গড়ে মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

ম্যাচে আবারও মাঠ মাতিয়েছেন ১৬ বছর বয়সী কাভান সুলিভান। সবশেষ ৬ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। যুক্তরাষ্ট্র জাতীয় দলে সেপ্টেম্বর ও অক্টোবরের প্রীতি ম্যাচের জন্য প্রথমবারের মতো ডাক পাওয়ার ঠিক এক দিন পরই এমন দুর্দান্ত নৈপুণ্য দেখালেন এই বিস্ময় বালক।

এই জয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পেল ফিলাডেলফিয়া। শেষ ১১ লিগ ম্যাচে তারা অপরাজিত (৯ জয়, ২ ড্র)। জয়ের ধারায় থাকা শেষ পাঁচ ম্যাচে তারা ১৯টি গোল করেছে, যার মধ্যে শেষ তিন ম্যাচেই এসেছে ১৪টি গোল। এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলের ৬ নম্বরে নিজেদের অবস্থান শক্ত করেছে সুলিভানের ফিলাডেলফিয়া।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে