ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জাতিসংঘে এবার তারেক রহমান: যুক্ত হচ্ছে নতুন ইতিহাস

জাতিসংঘে এবার তারেক রহমান: যুক্ত হচ্ছে নতুন ইতিহাস

নবপ্রকাশ ডেস্ক:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর ১৯৪৫ সালে শান্তির বার্তা নিয়ে জন্ম হয় জাতিসংঘের। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর কার্যকর হওয়া এ সংস্থায় বর্তমানে ১৯৩টি সদস্যরাষ্ট্র রয়েছে। বৈশ্বিক শান্তি ও কূটনীতির সবচেয়ে বড় এই ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির গল্পটি এক দীর্ঘ লড়াইয়ের।

১৯৭১ সালে স্বাধীনতার পর ১৯৭২ সালে সদস্যপদের আবেদন করলেও স্নায়ুযুদ্ধের চরম মেরুকরণ ও চীনের ভেটোর কারণে তা আটকে যায়। অবশেষে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ মেয়াদে দু’বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও দেশের অবদান বিশ্বজুড়ে সমাদৃত।

জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বের ইতিহাসও সমৃদ্ধ। ১৯৮০ সালে সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে বক্তব্য দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৯৩ সালে প্রথমবার ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি পরবর্তীতে ১৯৯৫, ২০০২ ও ২০০৫ সালের অধিবেশনেও দেশের প্রতিনিধিত্ব করেন।

চলতি ২০২৬ সালের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনটি বাংলাদেশের জন্য এক অনন্য সাধারণ মুহূর্ত নিয়ে এসেছে। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এর মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিশ্বমঞ্চে ভাষণ দেওয়ার নজির গড়ছেন তিনি। তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্থান পাবে।

এবারের অধিবেশনের সবচেয়ে গৌরবময় দিক হলো—সাধারণ পরিষদের সভাপতির আসনটিও বাংলাদেশের দখলে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে বিশ্ব কূটনীতির ইতিহাসে একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, অন্যদিকে সভাপতির আসনে থাকবেন বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী।

চলতি বছরের অধিবেশনে ‘আস্থা পুনর্গঠন ও পরিবর্তন পরিচালনা’র মূল প্রতিপাদ্য নিয়ে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ও জলবায়ু সংকটের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা। সানফ্রান্সিসকো থেকে শুরু হওয়া জাতিসংঘের আট দশকের যাত্রায় পাঁচ দশকের সঙ্গী হিসেবে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে এক উজ্জ্বল ও দায়িত্বশীল অংশীদার।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে