ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার দুর্ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া বিনোদন পার্কে সোমবার রোলারকোস্টার দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বিকেল ৩টা ৫৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটলান্টা থেকে প্রায় ১৫ মাইল বা ২৪ কিলোমিটার দূরে অবস্থিত পার্কটিতে এ ঘটনায় তদন্ত শুরু করেছে কব কাউন্টি পুলিশ বিভাগ।

বিবিসির সংবাদ সহযোগী সিবিএসের তথ্যমতে, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে কর্মকর্তারা বিস্তারিত জানাননি। পুলিশ কোন রাইডে দুর্ঘটনাটি ঘটেছে, তা-ও নিশ্চিত করেনি। তবে সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ফুটেজে ‘গোলিয়াথ’ নামের রোলারকোস্টারটি মাঝপথে থেমে থাকতে দেখা গেছে। এ সময় কর্মীরা আরোহীদের নিচে নামতে সহায়তা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে রাইড থেকে ছিটকে পড়তে দেখেছেন। তবে এ তথ্য বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। স্থানীয় সংবাদমাধ্যম ১১অ্যালাইভের প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তি রোলারকোস্টার থেকে পার্কের একটি ভৌতিক বাড়ির ছাদের ওপর পড়ে গিয়েছিলেন।

সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া এক বিবৃতিতে জানিয়েছে, পার্কে এক দর্শনার্থীর মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ। পার্কের এক মুখপাত্র বলেন, তাদের কর্মী দল ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে সাড়া দিয়েছে। ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন।

ম্যাবলটনের মেয়র মাইকেল ওয়েনস জানিয়েছেন, শহরের জননিরাপত্তাবিষয়ক পরিচালক স্থানীয় পুলিশ ও পার্কের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পার্কের ওয়েবসাইট অনুযায়ী, ২০০৬ সালে চালু হওয়া গোলিয়াথ রোলারকোস্টারটির উচ্চতা ২০০ ফুট বা ৬০ মিটার। এতে রয়েছে ১৭০ ফুটের খাড়া পতন, ৫৪০ ডিগ্রির স্পাইরাল এবং ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বা ১১২ কিলোমিটার গতিতে চলার সক্ষমতা। সিক্স ফ্ল্যাগসের রোমাঞ্চের মাত্রা নির্ধারণী ‘থ্রিল স্কেল’-এ রাইডটিকে পাঁচের মধ্যে চার নম্বর স্তরে রাখা হয়েছে।

সিক্স ফ্ল্যাগস উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বিনোদন পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে প্রতিষ্ঠানটির ২০টি বিনোদন পার্ক, ১৪টি ওয়াটার পার্ক ও নয়টি রিসোর্ট রয়েছে।

এ ঘটনার কয়েক সপ্তাহ আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগসের একটি পার্কে জনপ্রিয় ‘এক্স২’ রোলারকোস্টার বন্ধের ঘোষণা দেওয়া হয়। ওই রাইডে চড়ার পর শতাধিক ব্যক্তি মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগ তোলেন। সিক্স ফ্ল্যাগস জানিয়েছিল, রাইডটি বিভিন্ন নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলেও সেটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের বিবেচনায় এটিই ছিল সঠিক পদক্ষেপ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে