ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি, নবপ্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় বিশ্ববিদ্যালয়টির অন্তত পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও মলচত্বর-সংলগ্ন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৩২তম ব্যাচ) শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মো. শহিদুল ইসলামের। ঘটনার সময় কারটি চালাচ্ছিলেন তার ছেলে সাদমান। চালকের আসনে থাকা সাদমানের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী রিকশায় করে যাচ্ছিলেন এবং অন্য কয়েকজন গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণে হারিয়ে সরাসরি রিকশা ও দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা শিক্ষার্থীরা ছিটকে পড়েন। এ দুর্ঘটনায় পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে দুজনের পা কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনার বিবরণ দিয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, “বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখি, গাড়িটি রিকশায় সজোরে ধাক্কা দিয়েছে। এতে রিকশায় থাকা শিক্ষার্থীরা ছিটকে পড়েন এবং মারাত্মক আহত হন।”

আরেক শিক্ষার্থী আহমেদ ইমতিয়াজ বলেন, “গণিত বিভাগের শিক্ষকের ছেলে সাদমানের অনিয়ন্ত্রিত গাড়িচাপায় আমাদের বিভাগের ৩২তম ব্যাচের ছয়জন সহপাঠী মারাত্মক আঘাত পেয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

দুর্ঘটনার পর পরই উপস্থিত ক্ষুব্ধ শিক্ষার্থীরা চালকসহ গাড়িতে থাকা দুজনকে ধরে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর চালান। পরে অভিযুক্ত সাদমানকে বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন প্রাং বলেন, “ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চালকের আসনে থাকা ছেলেটির ড্রাইভিং লাইসেন্স ছিল না। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে প্রক্টর অফিসে আটক রয়েছে। দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা থানায় মামলা করবেন এবং প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে