ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বোন ও প্রেমিকাসহ মুক্ত ইমরান খান

বোন ও প্রেমিকাসহ মুক্ত ইমরান খান

বিনোদন ডেস্ক:

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে মুম্বাইয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন ও অভিনেত্রী জায়েন মারি খান। তবে ছাড়া পাওয়ার পর পুলিশি আচরণের তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভোটার তালিকার বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা। ওই বিক্ষোভে সংহতি জানিয়ে অংশ নিয়েছিলেন ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জায়েন মারি খান।

শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পুলিশ অত্যন্ত চড়াও হয়ে অভিনেতা ইমরান খান ও তাঁর সঙ্গীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলছে এবং অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

মুক্তির পর ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তা প্রকাশ করে লেখা ওয়াশিংটন জানান যে তাঁরা নিরাপদে ফিরেছেন। তবে অভিযোগ করে তিনি বলেন, থানা থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরার জন্য ট্যাক্সি পেতেও তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পুলিশ আশপাশের ট্যাক্সিচালকদের হুমকি দেওয়ায় তাঁরা সহজে যাতায়াত করতে পারেননি।

আটকের পুরো অভিজ্ঞতা বর্ণনা করে জায়েন মারি খান জানান, কী কারণে বা কোন আইনি ধারায় তাঁদের আটক করা হয়েছে, বারবার জানতে চাইলেও পুলিশ কোনো সদুত্তর দেয়নি। থানা থেকে বের হওয়ার সময়ও এক পুলিশ কর্মকর্তা অকারণে তাঁদের পিছু নেন এবং কালক্ষেপণ করেন। ইমরান খানের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়েই তাঁদের তিনজনকে পুলিশের ভ্যানে বসিয়ে দীর্ঘ দুই ঘণ্টা মুম্বাইয়ের রাস্তায় ঘুরানো হয়েছে।

অবশ্য চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রসিকতা করতে ছাড়েননি অভিনেতা ইমরান খান। পুলিশ ভ্যানে বসা নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “মনে হচ্ছে, পুলিশ আমাকে গাড়িতে করে শহর ঘোরাতে নিয়ে যাচ্ছে!” এছাড়া পুলিশ সদস্যরা চলে যাওয়ার সময় তাদের দিকে হাত নেড়ে ‘জয় হিন্দ’ বলতেও দেখা যায় তাঁকে।

মুম্বাই পুলিশ দাবি করেছে, আগস্ট ক্রান্তি ময়দানে এই বিক্ষোভের জন্য আয়োজকদের পক্ষ থেকে কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের পালটা দাবি, ই-মেইলের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম মেনেই অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু প্রশাসন কোনো জবাব দেয়নি।

উল্লেখ্য, শুধু মুম্বাইয়েই নয়, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরসহ ভারতের বিভিন্ন বড় শহরে এই বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে পড়ে। রাজধানী দিল্লিতে এই গণবিক্ষোভ থেকে চার হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে