ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » টাকার পাহাড় নিয়ে বার্সা: রদ্রিকে ছাড়তে কি অবশেষে রাজি হচ্ছে সিটি?

টাকার পাহাড় নিয়ে বার্সা: রদ্রিকে ছাড়তে কি অবশেষে রাজি হচ্ছে সিটি?

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে প্রস্তাব বাড়িয়েছে বার্সেলোনা। দলবদল নিয়ে দুই ক্লাবের মধ্যে আর্থিক দর-কষাকষি চললেও নতুন প্রস্তাবে বরফ গলতে শুরু করেছে। খবর পাওয়া গেছে, বার্সার বাজেট বৃদ্ধির প্রেক্ষিতে নিজেদের চাহিদাও কিছুটা কমিয়ে আনতে সম্মত হয়েছে ইংলিশ ক্লাবটি।

রদ্রিকে দলে ভেড়াতে দুই ক্লাবের আলোচনায় এখন মূল কেন্দ্রবিন্দু ৭০ মিলিয়ন ইউরো। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর তথ্যমতে, আগে ৮০ মিলিয়ন ইউরোর নিচে না নামার অবস্থানে থাকলেও ম্যানচেস্টার সিটি এখন কিছুটা নমনীয়। বার্সেলোনা দর বাড়ালে ৭০ মিলিয়নের কাছাকাছি অঙ্কে রদ্রিকে ছাড়তে রাজি হতে পারে ইংলিশ ক্লাবটি। এর আগে বার্সার প্রথম প্রস্তাব ছিল ৪৫ মিলিয়ন ইউরো নির্দিষ্ট ফি ও ১০ মিলিয়ন ইউরো বোনাস, যা সিটির চাহিদার চেয়ে কম থাকায় শুরুতেই প্রত্যাখ্যাত হয়। তবে তাতেই থেমে যায়নি বার্সেলোনা। শুরু থেকেই ক্লাবটির অবস্থান ছিল, আলোচনার গতি ধরে রাখতে দ্রুত নতুন প্রস্তাব দেওয়া হবে। আলভারেজকে নিয়ে দীর্ঘ ও জটিল আলোচনার অভিজ্ঞতার পর এবার আর কোনো দলবদলকে অনিশ্চয়তার দীর্ঘ নাটকে পরিণত করতে চায় না বার্সা।

দুই ক্লাবের মধ্যে আলোচনা এখনও অব্যাহত। ম্যানচেস্টার ও বার্সেলোনা- দুই জায়গা থেকেই পাওয়া যাচ্ছে ইতিবাচক বার্তা। তবে আশাবাদ থাকলেও এখনও দুই পক্ষের আর্থিক অবস্থানের মধ্যে ব্যবধান রয়েছে। তাই চূড়ান্ত চুক্তির দিনক্ষণ নিয়ে কেউই নিশ্চিত করে কিছু বলছে না।

এরই মধ্যে দ্বিতীয় দফায় প্রস্তাব বাড়িয়েছে বার্সেলোনা। এবার তাদের প্রস্তাবের অঙ্ক প্রায় ৬০ মিলিয়ন ইউরো বলে জানা গেছে। তবে এই অর্থের কতটা সরাসরি ট্রান্সফার ফি ও কতটা বোনাস বা ভেরিয়েবল হিসেবে থাকবে, সে বিষয়ে এখনও সমঝোতা হয়নি।

বার্সেলোনার বিশ্বাস, ৬০ মিলিয়নের নতুন প্রস্তাব আলোচনাকে আরও এগিয়ে নেবে। তবে রদ্রিকে পেতে শেষ পর্যন্ত তাদের আরও কিছুটা আর্থিক ছাড় দিতে হতে পারে। সিটির চাওয়া যদি ৭০ মিলিয়নের আশপাশে এসে থামে, তাহলে দুই পক্ষের মধ্যে সমঝোতার জায়গাটিও স্পষ্ট হয়ে উঠবে।

রদ্রিকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরও এর আগে সামনে এসেছিল। তবে সাম্প্রতিক আলোচনায় বার্সেলোনাই এখন তাকে পাওয়ার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

শেষ পর্যন্ত অবশ্য সবকিছু নির্ভর করছে অর্থের অঙ্কে। বার্সেলোনা কতটা এগোয়, আর সিটি কতটা ছাড় দেয়- এই দুই প্রশ্নের উত্তর মিললেই স্পষ্ট হবে, রদ্রির পরবর্তী ঠিকানা সত্যিই বার্সেলোনা কি না।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে