ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » রোনালদোর প্রতিবাদের পর সৌদি ক্লাবের বড় শাস্তি

রোনালদোর প্রতিবাদের পর সৌদি ক্লাবের বড় শাস্তি

 

স্পোর্টস ডেস্ক :

দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুকে ঘিরে গ্যালারিতে আপত্তিকর স্লোগানের ঘটনায় আল-তাওউনকে শাস্তি দিয়েছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন। আল-হিলালের বিপক্ষে লিগ ম্যাচে সমর্থকদের এমন আচরণের পর ক্লাবটিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী দুইটি হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে তাদের।

আল-হিলালের বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচটিতে আল-তাওউনের সমর্থকেরা জোতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গ্যালারির একটি ভিডিওতে দেখা যায়, আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে সমর্থকদের একাংশ ‘জোতা’ বলে স্লোগান দিচ্ছেন।

গত বছরের ৩ জুলাই স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জামোরায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যান জোতা। একই দুর্ঘটনায় প্রাণ হারান তার ছোট ভাই আন্দ্রে সিলভাও। জোতার ঘনিষ্ঠ বন্ধু নেভেস তার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন।

জোতাকে নিয়ে কটূক্তির ঘটনাটি সৌদি ফুটবল অঙ্গনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। প্রয়াত সাবেক সতীর্থকে নিয়ে কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ক্রিস্তিয়ানো রোনালদো।

এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান আল নাসর তারকা। ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো বলেন, ‘সমর্থকদের এমন আচরণের বিরুদ্ধে লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়। কিছু সীমারেখা অবশ্যই নির্ধারণ করতে হবে। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে ঢোকার সুযোগ দেওয়া উচিত নয়।’

ম্যাচ শেষে আবেগ সামলাতে পারেননি নেভেসও। কষ্ট ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশা করি, যারা এমন করেছে, তারা এরপর গিয়ে প্রার্থনাও করবে না।’

৬-০ গোলের বড় পরাজয়ের পর আল-তাওউনের কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করা হয়। তার জায়গায় সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

লিগে সাত ম্যাচ শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে আল-তাওউন। মাঠের বাইরের বিতর্কের পাশাপাশি মাঠেও দলটি বড় সংকটে পড়েছে ক্লাবটি। সামনে আল-রাইয়ান ও আল-কাদসিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দুটি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে তাদের।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে