বিনোদন ডেস্ক
একসময় ঢালিউডের পর্দা মাতিয়েছেন সাদিকা পারভীন পপি। নব্বইয়ের দশকের শেষভাগ থেকে প্রায় তিন দশক সৌন্দর্য ও অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে সেই আলোঝলমলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে দীর্ঘদিন ধরেই নিজেকে আড়ালে রেখেছেন তিনি।
আজ পপির জন্মদিন। বিশেষ এই দিনটিও এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশেই কাটাচ্ছেন অভিনেত্রী। জন্মদিনের পরিকল্পনা জানতে চাইলে পপি বলেন, বিশেষ কোনো আয়োজন নেই। পরিবারের সবাইকে নিয়ে কেক কেটেছেন তিনি। পাশাপাশি মসজিদ ও মাদ্রাসায় তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
১৯৭৯ সালের এই দিনে খুলনায় জন্মগ্রহণ করেন পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।
দীর্ঘ ক্যারিয়ারে প্রায় আড়াইশ সিনেমায় অভিনয় করেছেন পপি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এই পুরস্কার পান পপি।
একসময় পপির জন্মদিন মানেই ছিল চলচ্চিত্রপাড়ায় উৎসবের আমেজ। জন্মদিনের আগের রাত থেকেই সহকর্মী, নির্মাতা ও ভক্তদের শুভেচ্ছায় মুখর হয়ে উঠত চারপাশ। কেক কাটা, আড্ডা আর সহকর্মীদের ভালোবাসায় জমে উঠত বিশেষ দিনটি।
তবে সময়ের সঙ্গে বদলে গেছে পপির জীবনও। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকা এই অভিনেত্রী এখন পরিবারকেই বেশি সময় দিচ্ছেন। পুরোনো দিনের কথা মনে করে পপি জানান, সিনেমায় নিয়মিত কাজ করার সময় জন্মদিন ছিল অনেকটা উৎসবের মতো। সেই দিনগুলো তিনি মিস করলেও বর্তমান জীবন নিয়ে বেশ শান্তিতে আছেন।
প্রায় ছয় বছর ধরে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন পপি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি খুব একটা দেখা যায় না। স্বামী আদনান উদ্দিন কামাল ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে বর্তমানে সংসারজীবন কাটাচ্ছেন তিনি।
একসময় যে জন্মদিন ঘিরে চলচ্চিত্রপাড়ায় থাকত উৎসবের আবহ, সেই পপি এখন সেই আলো থেকে অনেক দূরে। শুটিং, ব্যস্ততা ও তারকাখ্যাতির বদলে পরিবার ও সন্তানকে ঘিরেই কাটছে তার বর্তমান সময়।
পুরোনো ব্যস্ততার কথা মনে পড়লেও বর্তমান জীবন নিয়েই সন্তুষ্ট পপি। চলচ্চিত্রের আলো থেকে দূরে থেকেও নিজের মতো করেই জন্মদিনের বিশেষ দিনটি উদ্যাপন করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
