ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভারতে বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

ভারতে বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণ ও রাজনৈতিক দলগুলোর টানা বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে গণহারে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। সংস্থাটি নির্বিচারে আটক বিক্ষোভকারীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানানোর পাশাপাশি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুনিশ্চিত করার তাগিদ দিয়েছে। তবে জাতিসংঘের এই বক্তব্যকে সম্পূর্ণ ‘অমূলক’ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, “দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের আগে ও চলাকালে আন্দোলনকারী নেতা, সামাজিক ও রাজনৈতিক কর্মী, নাগরিক সংগঠনের সদস্য, আইনজীবী এবং সাংবাদিকদের গণহারে আটক করার খবর ও চিত্রে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা ও বাস্তবায়ন করতে হবে। যেকোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে গণতান্ত্রিক মানদণ্ড বজায় রাখতে হবে এবং অহেতুক আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সাথে জনমনে তৈরি হওয়া উদ্বেগের টেকসই সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষের অর্থবহ সংলাপে বসা উচিত।”

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় মারাত্মক অনিয়মের অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও প্রধান বিরোধী দলগুলোর সমন্বয়ে দিল্লিতে এই বিশাল বিক্ষোভের ডাক দেওয়া হয়। চূড়ান্ত সংশোধনী প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলছে বিরোধী শিবির।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ভারতের স্থায়ী মিশন থেকে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারত বিশ্বের বৃহত্তম স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক দেশ, যেখানে সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকার প্রদান করে। অন্যান্য সার্বভৌম ও গণতান্ত্রিক দেশের মতোই জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনি পরিধির ভেতরে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। যেকোনো অসন্তোষ বা আইনি প্রতিকারের জন্য আদালতের দরজা সবার জন্য উন্মুক্ত রয়েছে।”

ভারতের পক্ষ থেকে আরও স্পষ্ট করে দেওয়া হয় যে, ওএইচসিএইচআর-এর এই ধরনের উদ্বেগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক, যা ভারতের অভ্যন্তরীণ বিচারিক ও প্রশাসনিক বিষয়ের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের শামিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে