ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নতুন ঠিকানায় ফাহামিদুল, যোগ দিলেন সেস্ত্রি লেভান্তেতে

নতুন ঠিকানায় ফাহামিদুল, যোগ দিলেন সেস্ত্রি লেভান্তেতে

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম ইউরোপীয় ফুটবলে তার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন। ইতালিয়ান ক্লাব সেস্ত্রি লেভান্তেতে (Sestri Levante) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ২০ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার। শনিবার (১০ অক্টোবর) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

সেস্ত্রি লেভান্তে ক্লাবটি বর্তমানে ইতালির পেশাদার ফুটবলের চতুর্থ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তারা তৃতীয় স্তরে খেললেও গত মৌসুমের শেষে অবনমনের কারণে চতুর্থ স্তরে ফিরে আসে। বর্তমানে লিগে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪তম অবস্থানে রয়েছে ক্লাবটি। আজ সপ্তম রাউন্ডের ম্যাচে সেলে ভারাজ্জের মুখোমুখি হবে সেস্ত্রি লেভান্তে।

 ইতালিতেই বেড়ে ওঠা ফাহামিদুলের ফুটবল ফুটবলের হাতেখড়ি হয়েছে ইউরোপীয় মাটিতেই। দেশটির বয়সভিত্তিক ফুটবলে স্পেজিয়া ও সাম্পদোরিয়ার মতো ক্লাবের জার্সিতে খেলেছেন তিনি। এছাড়া সিরি ডি-তে লিগর্না, লিভর্নো ও ওলবিয়া ক্যালসিওর হয়েও মাঠ মাতিয়েছেন এই বাংলাদেশি ফুটবলার।

সেস্ত্রি লেভান্তেতে যোগ দেওয়ার আগে ওলবিয়া ক্যালসিওতে ছিলেন ফাহামিদুল। ক্লাবটিতে প্রায় দেড় মৌসুমে ২৮ ম্যাচ খেলে ১টি গোল করেন তিনি। গত জুনে ওলবিয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এবার নতুন এই ঠিকানায় নাম লেখালেন তিনি। তবে নতুন ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ কিংবা আর্থিক লেনদেনের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

 ২০২৫ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন ফাহামিদুল ইসলাম। একই বছরের ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে লাল-সবুজের জার্সিতে তার অভিষেক হয়, যে ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে।

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন ফাহামিদুল। সদ্য সমাপ্ত ফিফা আসিয়ান কাপেও জাতীয় দলের হয়ে ৩টি ম্যাচেই মাঠে নেমেছিলেন এই তরুণ মিডফিল্ডার। দেশের জার্সিতে এখনো গোলের দেখা না পেলেও, ইতালিয়ান ক্লাবে তার এই নতুন যোগদান বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে