নবপ্রকাশ ডেস্ক:
দেশে মারাত্মক আকার ধারণ করা হামের প্রাদুর্ভাষে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সারা দেশে আরও সাতজন শিশুর করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও ল্যাবরেটরিতে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন রোগী।
রোববার (১১ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে। নতুন এই সাত মৃত্যুসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ জনে। সরকারি হিসেবে, এর মধ্যে ল্যাব নিশ্চিত হামে ১০৪ জন এবং হাম সদৃশ উপসর্গে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বিস্তারিত তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে (দুই লাখ ৫ হাজার ২৮ জন) পৌঁছেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নতুন করে আরও ৯৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।
এদিকে, হাম সংক্রমণের এই ধারাবাহিক প্রাদুর্ভাবের মধ্যে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট এক লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন। প্রাদুর্ভাব রুখতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরালো করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
