ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মৌখিক পরীক্ষার তাবিখ ঘোষণার দাবিতে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা

মৌখিক পরীক্ষার তাবিখ ঘোষণার দাবিতে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ঢাকা: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।
আজ শুক্রবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক গোলাম রসুল সানি।
সাবেক ছাত্রনেতা ও উপাধ্যক্ষ শেখ ফরিদ হোসেন বলেন, ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সারাদেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগের উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম। এ উদ্যোগকে সারাদেশের মানুষও করোতালি দিয়ে অভিনন্দন জানিয়েছিলো। লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
তিনি আরো বলেন, মৌখিক পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। তাদের উদ্দেশ্য শিক্ষামন্ত্রীর ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করা। কিছু কুচক্রীমহল ও তথাকথিত শিক্ষকনেতা এই নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
শেখ ফরিদ হোসেন আরও বলেন, আমরা চাই শিক্ষামন্ত্রী এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করুন এবং দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করুন। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় দক্ষ ও মেধাবী নেতৃত্ব নিশ্চিত হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের অপেক্ষা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। ভাইভা প্রার্থী শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক আলফাতুন মোহাম্মদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ২০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। গত ১৮ এপ্রিল আমাদের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল এর ফল প্রকাশ করা হয়। অত্যন্ত কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় পাসের হার ছিল মাত্র ৩১ শতাংশ, যেখানে প্রায় ১৫ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।
শিক্ষকরা আক্ষেপ করে বলেন, একটি সুন্দর ও বিতর্কমুক্ত পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেছিলেন যে, শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ফল তৈরি ও প্রকাশ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরীক্ষার ফল প্রকাশের পর তিন মাস অতিবাহিত হয়ে গেলেও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এখনো ভাইভার কোনো তারিখ ঘোষণা করেনি। মন্ত্রীর এমন ইতিবাচক আশ্বাসের পরও ভাইভা পরীক্ষা ঝুলে থাকায় উত্তীর্ণ শিক্ষকরা চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।এই পরিস্থিতিতে শিক্ষকরা অবিলম্বে ভাইভা পরীক্ষা শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শিক্ষকরা আলটিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে ভাইভা শুরুর তারিখ ঘোষণা করা না হলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক মনিরুল ইসলাম মাসুদ এবং সাবেক ছাত্রনেতা অধ্যাপক মফিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও উত্তীর্ণ শিক্ষকদের এই ন্যায়সংগত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান ন্যাশনাল ফোরাম ফর রিসার্চ অ্যান্ড এমপ্লয়িজ (এনএফটিই)-এর আহ্বায়ক অধ্যক্ষ রফিকা আফরোজ।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। দেশের শিক্ষাব্যবস্থায় নিয়োগে স্বচ্ছতা আনতে তাদের এই দাবি যুক্তিসঙ্গত বলে মনে করছেন অন্যান্যরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে