ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মেসির বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন স্কালোনি

মেসির বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার জার্সিতে শেষ হয়েছে লিওনেল মেসির অবিস্মরণীয় অধ্যায়। কিংবদন্তির বিদায়ের আবেগঘন রাতেই জাতীয় দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি।

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আজ বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে জয়ের চেয়েও ম্যাচটির গুরুত্ব ছিল অন্য জায়গায়, আলবিসেলেস্তেদের জার্সিতে এটাই ছিল মেসির শেষ ম্যাচ।

মেসির বিদায়ের পর সমর্থকদের মনে উঁকি দিচ্ছে একটি প্রশ্ন—লিওনেল স্কালোনি কি থাকবেন আর্জেন্টিনার ডাগআউটে? ম্যাচশেষে এই বিষয়টিসহ মেসিকে নিয়ে কথা বলেছেন স্কালোনি।

 

আর্জেন্টাইন কোচ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আমি কোচিং চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছে, তা অবিশ্বাস্য। এটাই আমি সঙ্গে করে নিয়ে যাব। মাঠে তার মতো আর কখনোই কিছু থাকবে না। তার প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ।’

 

জাতীয় দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। তাকে আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, ‘এখনো কোনো আপডেট নেই।’

 

মেসিকে ছাড়া আর্জেন্টিনার সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে, সেটিও স্বীকার করেছেন স্কালোনি। মেসি নিজের বিদায়ী বক্তব্যে সামনে কঠিন সময় আসার কথা বলেছিলেন। সেই কথার সঙ্গে একমত পোষণ করে আর্জেন্টাইন কোচও জানালেন, নতুন ও তরুণ খেলোয়াড়দের নিয়ে পথ খুঁজে নিতে হবে।

 

স্কালোনি বলেন, ‘কঠিন হতে যাচ্ছে। সে নিজেও এটা বলেছে। গত কয়েক বছরে আমরা যা পেয়েছি, সেটা স্বাভাবিক কোনো বিষয় নয়। সামনে কঠিন সময় আসতে পারে। তবে আমরা সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। নতুন ও তরুণ খেলোয়াড়রা আসবে, তারা আমাদের অনেক কিছু দেবে।’

 

তিনি আরও বলেন, ‘আপনার পাশে তাকে পাওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মানুষকে এটা বোঝানো খুব কঠিন। এটা অনুভব করতে হয়। এটা তুলনাহীন। আমরা যতই দল পুনর্গঠন করি না কেন, নতুন যারা আসছে তাদের নিয়ে দারুণ একটি দল গড়ে তুলতে পারি। কিন্তু অন্য কারও মধ্যে আমি কখনো সেই আভা দেখিনি।’

 

 

 

মেসি মাঠে যে প্রভাব তৈরি করতেন, সেটি আর থাকবে না বলেও জানিয়েছেন স্কালোনি।  ‘সে যা তৈরি করত, সেটা আর থাকবে না। আমরা নতুন কিছু উপায় খুঁজব, নতুন অস্ত্র খুঁজব। কিন্তু সেই অনুভূতিটা আর থাকবে না। তাকে উপভোগ করতে পারাটা ছিল অসাধারণ। এখন তাকে ছাড়া আমাদের এগিয়ে যেতে হবে।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে