ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মেদ কমানোর ওষুধে কমছে অ্যালকোহলের আসক্তি!

মেদ কমানোর ওষুধে কমছে অ্যালকোহলের আসক্তি!

ওজন কমানোর ওষুধ খেয়ে শুধু মেদই ঝরেনি, মেদ কমানোর ইনজেকশনের দৌলতে যেন রাতারাতি বদলে গেছে মদ্যপানের অভ্যাসও। ওজন কমানোর জনপ্রিয় ওষুধ গ্রহণের পর এমন এক অভাবনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা, যাকে তারা দেখছেন নিজেদের জীবনের অন্যতম সেরা ‘বোনাস’ বা ইতিবাচক পরিবর্তন হিসেবে।ওজন কমানোর ওষুধের রাসায়নিক প্রভাব কিভাবে মদের প্রতি আসক্তি ও আকাঙ্ক্ষা কমিয়ে দিচ্ছে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জোর গবেষণা।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ওয়েলসের ৪৬ বছর বয়সী লিসা রিস গত এপ্রিলে যখন প্রথম ওজন কমানোর ওষুধ খাওয়া শুরু করেন, তখন তার মূল লক্ষ্য ছিল কয়েক কেজি ওজন কমানো। আগে প্রতিবার আড্ডায় বসলে দুই বোতল ওয়াইন অনায়াসে সাবাড় করতেন তিনি। কিন্তু এখন দুই গ্লাস খাওয়ার পরই তার শরীর যেন আর এক ফোঁটাও নিতে চায় না।লিসা জানান, সপ্তাহে যেখানে আগে তিনি ৬ থেকে ৮ বোতল ওয়াইন খেতেন, তা এখন অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

 

একই অভিজ্ঞতা ৪৫ বছর বয়সী ওয়ারেন থমাসেরও। জুনের মাঝামাঝিতে মেদ কমানোর ওষুধের প্রথম ডোজ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি এর প্রভাব টের পান। ওয়ারেন বলেন, ‘এখন আর মদের প্রতি কোনো টানই অনুভব করি না।দুই গ্লাস বিয়ার খাওয়ার পরেই মাথা হালকা ও ঝিমঝিম মনে হয়। আমার সহ্যক্ষমতা এখন শূন্যের কোঠায়।’

 

এসব ওষুধে সেমাগ্লুটাইড বা তিরজেপাটাইডের মতো উপাদান থাকে। এগুলো মানবদেহের প্রাকৃতিক ‘জিএলপি-১’ হরমোনের অনুকরণে কাজ করে। এতে একদিকে যেমন ক্ষুধা কমে এবং পেট দীর্ঘক্ষণ ভরা মনে হয়, তেমনি এটি মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ বা তৃপ্তি পাওয়ার কেন্দ্রকেও প্রভাবিত করে।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ড. ক্রিশ্চিয়ান হেন্ডারশট জানান, ২০২৫ সালে প্রকাশিত তার এক ছোট আকারের গবেষণায় দেখা গেছে, ওজন কমানোর ওষুধ নেওয়া শুরু করার পর অতিরিক্ত মদপানে অভ্যস্ত ব্যক্তিদেরও মদের প্রতি লালসা বা আকুলতা লক্ষণীয়ভাবে কমে গেছে। পাশাপাশি ইউনিভার্সিটি অব কলোরাডো আনশুৎজের সাম্প্রতিক এক গবেষণাও এই তথ্য উঠে এসেছে।

ব্যবহারকারীদের একাংশের মতে, এই ওষুধ খাওয়ার পর মদ্যপান করলে তীব্র বমি বমি ভাব হয়, দ্রুত মাতাল হয়ে যাওয়ার অনুভূতি তৈরি হয় কিংবা পেট অস্বাভাবিক ভারী মনে হতে থাকে।

চিকিৎসকদের মতে, মদ বা অ্যালকোহলে প্রচুর ক্যালরি থাকে। তাই ওজন কমানোর প্রক্রিয়ায় মদ্যপান কমালে তা পরোক্ষভাবে সুফলই বয়ে আনে।

বিজ্ঞানীরা ইঙ্গিত দিচ্ছেন, এই ওষুধগুলো শুধু ওজন কমানো বা মদের অভ্যাস কমানোই নয়, বরং ধূমপান ও ওপিঅয়েডের (এক ধরনের মাদক) মতো অন্যান্য মারাত্মক আসক্তি কমাতেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

তবে আসক্তি নিরাময়ের বিশ্বস্ত ওষুধ হিসেবে বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার আগে আরো বিস্তৃত ও দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা।

একই সঙ্গে স্থূলতা বা ডায়াবেটিস নেই এমন মানুষের ক্ষেত্রে এর নিরাপত্তা এবং বিরল পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন অগ্ন্যাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস) নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে