খেলা ডেস্ক
ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের মন্তব্যকে ঘিরে ফ্রান্সের জাতীয় দলে তৈরি হয়েছে অস্বস্তি। সবচেয়ে বেশি ক্ষুব্ধ বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান ডেম্বেলে। তাঁর ঘনিষ্ঠ সতীর্থদের মধ্যেও বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে এমবাপ্পে ইঙ্গিত দেন, তাকে সবসময় দলের ‘নির্বাচিত একজন’ হিসেবে দেখা হয়েছে। পাশাপাশি চোটের কারণে ডেম্বেলের ক্যারিয়ার অন্যরকম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি ভালোভাবে নেননি ডেম্বেলে।
পিএসজির হয়ে ব্রেস্তের বিপক্ষে ম্যাচের পর ডেম্বেলে পাল্টা জবাব দেন। তিনি বলেন, নিজের অবস্থান তৈরি করতে কোনো বিশেষ সুবিধা পাননি; বরং কঠোর পরিশ্রম এবং প্যারিসে কাটানো সফল সময়ের ফল হিসেবেই ব্যালন ডি’অর জিতেছেন।
সাবেক ফরাসি ফুটবলার ও বিশ্লেষক জেরোম রোথেনের মতে, এমবাপ্পের বক্তব্য ডেম্বেলেকে গভীরভাবে আহত করেছে। তাঁর দাবি, ডেম্বেলে বিষয়টিকে অপমানজনক এবং একধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন।
রোথেনের ভাষ্য অনুযায়ী, এমবাপ্পের ওপর ডেম্বেলের ক্ষোভ এখন বেশ তীব্র। জাতীয় দলের সতীর্থদের নিয়েও অধিনায়কের কিছু বক্তব্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে।
ফলে ব্যক্তিগত পুরস্কারকে কেন্দ্র করে ফ্রান্সের ড্রেসিংরুমে যে ঐক্য ছিল, তাতে কিছুটা চিড় ধরেছে। ব্যালন ডি’অর নিয়ে চলমান আলোচনা ও পাল্টাপাল্টি মন্তব্য দলের পরিবেশকে আরও অস্বস্তিকর করে তুলছে।
