২০০যের দশকের শুরুর দিকে বিনোদন জগতে বলিউড অভিনেত্রী ও ক্রিকেটারদের গোপন প্রেমের গুঞ্জন ছিল নিত্যদিনের খবর। তেমনই এক আলোচিত গুঞ্জন ছিল অস্ট্রেলীয় গতিদানব ব্রেট লি ও বলিউড তারকা প্রীতি জিনতাকে ঘিরে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিটি আসর শুরু হলেই এই দুই তারকাকে নিয়ে চাউর হতো প্রেমের নানা খবর। সে সময় ব্যাপক চর্চা হলেও বিষয়টি নিয়ে এতদিন নীরব ছিলেন অসি তারকা। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে প্রীতির সঙ্গে সম্পর্কের সত্যতা স্পষ্ট করেছেন ব্রেট লি।
সম্প্রতি ‘বম্বে টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি স্পষ্ট জানান, কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গেই তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। প্রীতি জিনতার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তখন যেমন ভালো বন্ধু ছিলাম, এখনো তেমনই আছি।’ তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতিকে একজন বুদ্ধিমান নারী উল্লেখ করে তাঁর প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা ব্যক্ত করেন এই সাবেক পেসার। ব্রেট লি জানান, সত্য জানা থাকায় এসব গুঞ্জন নিয়ে তিনি কখনো মাথা ঘামাননি এবং নিজের মানসিক শান্তি বিনষ্ট হতে দেননি। (সূত্র: হিন্দুস্তান টাইমস)
২০০৮ থেকে ২০১১ সালের দিকে ব্রেট লি যখন পাঞ্জাব দলে খেলতেন, তখন প্রীতির সঙ্গে তাকে একাধিকবার দেখা যায়। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গ দেখা যাওয়ার পর তাদের গোপনে প্রেম করার গুঞ্জন তুঙ্গে ওঠে। অবশ্য সে সময় প্রীতি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, প্রতি বছর ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন বেশ পুরোনো খবর। তারা শুধুই ভালো বন্ধু।
ব্রেট লি ব্যক্তিগত জীবনে পরবর্তীকালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করে দুই সন্তানের জনক হন। অন্যদিকে, প্রীতি জিনতা জিন গুডএনাফকে বিয়ে করে সুখে সংসার করছেন।
প্রীতি জিনতাকে দীর্ঘদিন পর্দায় না দেখা গেলেও শিগগির তিনি বড় পর্দায় ফিরছেন। বেশ কিছু বছর বিরতির পর রাজকুমার সন্তোষীর নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর মাধ্যমে তার সিনেপর্দায় প্রত্যাবর্তন ঘটছে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সানি দেওল ও শাবানা আজমি। এ ছাড়া কুণাল খেমুর পরিচালনায় ‘ভাইব’ নামের আরেকটি নতুন চলচ্চিত্রেও প্রীতিকে দেখা যাবে।
সব মিলিয়ে প্রেমের পুরোনো অতীত আর ভিত্তিহীন গুঞ্জন পেছনে ফেলে নিজের কাজ ও পরিবার নিয়েই আপাতত ব্যস্ত এই বলিউড অভিনেত্রী।
