বিনোদন ডেস্ক
বড় তারকা নেই, প্রচারণায় নেই বিশাল আয়োজন, এমনকি মুক্তির পর শুরুটাও ছিল বেশ সাধারণ। কিন্তু সময় গড়াতেই দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। একপর্যায়ে মুখে মুখে ছড়িয়ে পড়ে সিনেমাটির প্রশংসা। আর সেই প্রচারণাই বদলে দেয় পুরো বক্স অফিসের চিত্র।
বিশাল চতুর্বেদি পরিচালিত আধ্যাত্মিক ড্রামা ‘হনুমান অংশ’ এখন পরিণত হয়েছে বছরের অন্যতম চমকপ্রদ সাফল্যে। মাত্র প্রায় ২ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি ধীরে ধীরে দর্শক টেনে নিয়ে শেষ পর্যন্ত প্রায় ২৮০ কোটি রুপির ব্যবসা করেছে।
স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির ৩৯তম দিনে ভারতের বাজারে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৬৩.৩০ কোটি রুপি। ভারতের বাইরে থেকে পাওয়া আরও ১৬.৫০ কোটি রুপি যোগ করলে বিশ্বব্যাপী সংগ্রহ পৌঁছেছে প্রায় ২৭৯.৮০ কোটিতে।
সিনেমাটির এই সাফল্য শুধু ছোট বাজেটের ছবির জন্যই নয়, বড় তারকাদের সিনেমার জন্যও তৈরি করেছে নতুন সমীকরণ। প্রেক্ষাগৃহে ‘হনুমান অংশ’-এর দীর্ঘস্থায়ী দর্শক আগ্রহের কারণে অক্ষয় কুমার ও সাইফ আলী খান অভিনীত ‘হাইওয়ান’ও কিছুটা প্রতিযোগিতার মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন এত দর্শক টানল সিনেমাটি?
ছবিটির ব্যবসা হঠাৎ বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রচার। প্রথম দিকে সীমিত সাড়া পেলেও যারা সিনেমাটি দেখেছেন, তাদের ইতিবাচক প্রতিক্রিয়াই নতুন দর্শকদের হলে নিয়ে এসেছে।
তবে শুধু ধর্মীয় আবেগ দিয়ে এই সাফল্য ব্যাখ্যা করতে নারাজ অনেক সমালোচক। তাদের মতে, গল্পের ধরন, আধ্যাত্মিক চিন্তা এবং মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্ন সিনেমাটিকে আলাদা করে তুলেছে।
‘হনুমান অংশ’-এ ভক্তিকে কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে আটকে রাখা হয়নি। বরং মানুষের অহংকার, চাওয়া-পাওয়া, আত্মকেন্দ্রিকতা এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলার মতো বিষয়ও গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।
সিনেমার ভাবনায় নীম করোলি বাবার দর্শনের প্রভাবও রয়েছে বলে সমালোচকদের আলোচনায় উঠে এসেছে। প্রতিশোধের বদলে আত্মসমর্পণ, বাহ্যিক প্রদর্শনের চেয়ে অন্তরের পরিবর্তন এবং নিজের অহংকে অতিক্রম করার ধারণা গল্পটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
ফলে শুরুতে যেটিকে সাধারণ ব্যবসার সিনেমা মনে হয়েছিল, সেটিই ধীরে ধীরে দর্শকদের আস্থায় বড় সাফল্যে পরিণত হয়েছে। প্রায় ২ কোটি রুপির বিনিয়োগ থেকে ২৮০ কোটির কাছাকাছি আয়—‘হনুমান অংশ’-এর এই যাত্রা এখন বলিউডের বক্স অফিসে আলোচিত এক ব্যতিক্রমী উদাহরণ।
