খেলাধুলা ডেস্ক
এশিয়ান গেমসের নারী ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে পরাজিত হয়েছে মারিয়া মান্দার নেতৃত্বাধীন দল।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই সাতবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে ১০-০ ব্যবধানে জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া।
ম্যাচের ষষ্ঠ মিনিটে জন রিয়ং জংয়ের গোলে শুরু হয় গোলের উৎসব। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে তৃতীয় মিনিটে রি সংয়ের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।
১২ মিনিটে হোয়াং ইউ, ১৮ ও ৩৫ মিনিটে চায়ে উন ইয়ং গোল করেন। এরপর ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ংয়ের দুই গোলে প্রথমার্ধেই ব্যবধান দাঁড়ায় ৭-০।
বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে উত্তর কোরিয়া। ৫১ মিনিটে রি সং আ, ৬০ মিনিটে জং কুম গোল করে ব্যবধান ৯-০ করেন। শেষ পর্যন্ত ৯০ মিনিটে হান জিন হংয়ের গোলে উত্তর কোরিয়ার জয় পূর্ণ হয়।
শেষ ৩০ মিনিটে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও আর গোল ঠেকাতে পারেনি। আন্তর্জাতিক ফুটবলে এর আগে এত বড় ব্যবধানে হারেনি বাংলাদেশ নারী দল।
