ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » স্বপ্ন ছিল নির্মাতা, ভাগ্যের ছোঁয়ায় অভিনেতা: শিমুল

স্বপ্ন ছিল নির্মাতা, ভাগ্যের ছোঁয়ায় অভিনেতা: শিমুল

বিনোদন ডেস্ক:

নাটক ও ওটিটি অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শিমুল শর্মা সম্প্রতি কথা বলেছেন তাঁর নতুন কাজ, অভিনয় দর্শন ও নির্মাণ ভাবনা নিয়ে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে সদ্য মুক্তি পাওয়া হাস্যরসাত্মক নাটক ‘চেক আউট’, পর্দায় জুটির রসায়ন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে আলাপচারিতায় ছিলেন রাসেল আজাদ বিদ্যুৎ।

‘চেক আউট’ নাটকের মূল গল্পভাবনা সম্পর্কে জানতে চাই—

শিমুল শর্মা: হালের কনটেন্ট ক্রিয়েটরদের জীবনযাপন ও নানা কাণ্ডকারখানা নিয়ে ‘চেক আউট’ নাটকের মূল গল্প দানা বেঁধেছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি ঘিরে যেসব অদ্ভুত ঘটনা ঘটে, সেগুলোই এখানে তুলে আনা হয়েছে। এ কারণে গল্পটা অত্যন্ত সমকালীন এবং চরিত্রগুলোও দর্শককুলের বেশ চেনা মনে হবে।

অন্যান্য নাটক থেকে ‘চেক আউট’ কেন আলাদা মনে হবে?

শিমুল শর্মা: আমার ধারণা, স্রেফ বিনোদন বা হাসাহাসির বাইরে গিয়ে হাস্যরসের মধ্য দিয়েই সমাজের একটি বাস্তব ও সমসাময়িক চিত্র গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। এই তীক্ষ্ণ সামাজিক বার্তা ও স্যাটায়ারের মিশ্রণই নাটকটিকে অন্যসব কাজ থেকে আলাদা রূপ দিয়েছে।

‘শর্টকাট’ নাটকের পর আবার লামিমা লামের সঙ্গে জুটি বাঁধলেন। দর্শকপ্রত্যাশার চাপ থেকেই কি এই পুনরায় জুটি বাঁধা?

শিমুল শর্মা: পর্দার জুটি মূলত গড়ে ওঠে দর্শকের ভালোবাসা ও চাহিদার ওপর ভিত্তি করে। একেক ধরনের গল্পে দর্শক একেক জুটিকে দেখতে ভালোবাসেন। আমাদের বেলায়ও তা-ই হয়েছে। লামিমার সঙ্গে বেশ কিছু কমেডি নাটকে কাজ করে দর্শক মনোযোগ কাড়তে পেরেছি। ‘শর্টকাট’-এ দর্শক সাড়া ছিল চমৎকার। আর ‘চেক আউট’ যেহেতু খাঁটি হাসির নাটক, তাই পরিচালক মাজিদুল ইসলাম স্বাধীন আমার বিপরীতে লামিমাকেই বেছে নিয়েছেন।

আপনাকে প্রায়ই কমেডি বা স্যাটায়ার নাটকে বেশি দেখা যায়। অন্য ধাঁচের গল্পে অভিনয়ের ইচ্ছে নেই?

শিমুল শর্মা: আমি সব ধরনের চরিত্র ও গল্পে কাজ করতে চাই। তবে সেই বৈচিত্র্যময় সুযোগ যে খুব বেশি পেয়েছি, তা নয়। তা ছাড়া দর্শকরা আমাকে হাসির গল্পে দেখতে পছন্দ করেন, সেই দায়বদ্ধতাও একটা বড় বিষয়। তাই স্যাটায়ার কমেডিতেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে। তবে এখন ধীরে ধীরে চেনা ছকের বাইরে গিয়ে সিরিয়াস ধাঁচের কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নির্মাতা শিমুল শর্মার পরবর্তী ভাবনা কী?

শিমুল শর্মা: সত্যি বলতে, আমি নিজেও খুব করে চাই অভিনেতা হিসেবে না হলেও অন্তত একজন নির্মাতা হিসেবে পর্দায় একটি নিখাদ, আবেগঘন ভালোবাসার গল্প ফুটিয়ে তুলতে। সামনে সেই ধরনের কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।

নাটকের গল্পকার হিসেবে আপনি কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন?

শিমুল শর্মা: এতদিন যেহেতু স্যাটায়ার কমেডি নিয়ে কাজ করেছি, তাই আমাদের চারপাশের সামাজিক অসঙ্গতিগুলোকে গুরুত্ব দিয়েছি। হাস্যকর শোনালেও সত্যি যে, আমাদের বাস্তব জীবনটাই এখন নাটকীয় ও হাস্যকর ঘটনায় ভরপুর। লোকজন যেন নিজেদের বোধবুদ্ধি শিকেয় তুলে যার যা মন চাইছে তা-ই করে বেড়াচ্ছে। চারপাশের এই অদ্ভুত আর উদ্ভট ঘটনাগুলোকে পুঁজি করেই নাটকের গল্প রচনার চেষ্টা করি।

অভিনেতা নাকি নির্মাতা—কোন পরিচয়টি বেশি পছন্দের?

শিমুল শর্মা: মূলত নির্মাতা হওয়ার স্বপ্ন ও লক্ষ্য নিয়েই মিডিয়াতে পথচলা শুরু করেছিলাম। তবে আমার গুরু কাজল আরেফিন অমির হাত ধরে ঘটনাচক্রে অভিনেতা বনে যাওয়া। হ্যাঁ, অভিনেতা হিসেবে অজস্র মানুষের যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। এর পরও আমার প্রথম ও প্রধান চাওয়া একজন সফল নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এর পাশাপাশি অভিনয় করে দর্শকদের আনন্দ দিতে পারলে সেটি হবে পরম পাওয়া।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে