নবপ্রকাশ ডেস্ক
বিবাহবিচ্ছেদের পর কনাকে ঘিরে একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন উঠলেও সেসব খবর বরাবরই অস্বীকার করেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
কনা জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো সম্পর্কে নেই। নিজের ভাষায়, তিনি এখন ‘সুপার সিঙ্গেল’। প্রেমের গুঞ্জন সত্য কি না জানতে চাইলে সেটিকে সরাসরি ‘রিউমার’ বলে উড়িয়ে দেন এই গায়িকা।
তবে ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, সে বিষয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন কনা। তার পছন্দ এমন একজন মানুষ, যিনি তাকে ভালোবাসবেন, মানসিকভাবে তার সঙ্গে মিল রাখবেন এবং সম্পর্কের ক্ষেত্রে একনিষ্ঠ থাকবেন।
২০২৫ সালের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কনা। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে তার বিচ্ছেদ হয়। ২০১৯ সালে তাদের বিয়ে হয়েছিল।
বিচ্ছেদের পর কনার নতুন সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হলেও সেগুলোকে গুজব হিসেবেই দেখেছেন তিনি। এবারও নিজের বর্তমান অবস্থান স্পষ্ট করে জানালেন, আপাতত একা থাকলেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে পেতে চান।
