নবপ্রকাশ ডেস্ক:
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা, হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘাতের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও হকারদের সূত্রে জানা যায়, সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আভিযানিক দল ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করতে হোপ মার্কেট এলাকায় যায়। সেখানে উচ্ছেদ কার্যক্রম চলাকালে একটি দোকানে বিদ্যুতের তার থেকে আকস্মিক আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত হকাররা। একপর্যায়ে শত শত হকার সংগঠিত হয়ে সিটি করপোরেশনের আভিযানিক দলের ওপর চড়াও হন।
উত্তেজিত হকাররা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সিটি করপোরেশনের দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। সকাল পৌনে ১১টার দিকে উচ্ছেদ অভিযানে থাকা আনসার সদস্যদের ধাওয়া দেন হকাররা। আনসার সদস্যরা মিরপুর-১৩ নম্বরের দিকে পিছু হটতে বাধ্য হলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে হকাররা সেটিকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হকারদের দাবি, আগুনে তাঁদের অনেকের দোকানের মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে ঘটনার সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেন উত্তেজিত হকাররা। পোড়া গাড়ির ছবি তুলতে গেলে দৈনিক সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীন হকারদের হামলার শিকার হন। অপ্রীতিকর এই তাণ্ডব চলার সময় ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ উঠে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
