চট্টগ্রাম ব্যুরো অফিস: ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক চাঁদাবাজি, হুমকি, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঘোষিত কঠোর কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা এবং মূল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বুধবার (১৫ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলীর সঙ্গে চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে এবং সার্বিক নিরাপত্তা চেয়ে একটি স্মারকলিপি প্রদান করে। বৈঠকে সিএমপি কমিশনার প্রতিনিধিদলকে জানান যে, ডিজিটাল ডট নেট এর কার্যালয়ে সংঘটিত হামলার ঘটনায় জড়িত ৮ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রধান আসামি মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ বাকি পলাতকদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পাশাপাশি ভুক্তভোগী প্রতিষ্ঠান ডিডিএন-এর কার্যালয়ে সার্বক্ষণিক পুলিশ প্রহরা বসানোসহ চট্টগ্রামের সকল আইএসপি অফিসের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে এ সংক্রান্ত অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপ এবং দৃশ্যমান আইনি কার্যক্রমের ওপর আস্থা রেখে আইএসপিএবি, চট্টগ্রাম বিভাগ তাদের ঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিলেও তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স এক প্রেস রিলিজের মাধ্যমে স্পষ্ট করেছেন যে, মূল আসামি ডেভিড ইমনকে অতিদ্রুত গ্রেফতারের দাবি তাদের অব্যাহত থাকবে এবং আগামীতে প্রশাসনের কার্যক্রম ও অগ্রগতির ওপর ভিত্তি করে প্রয়োজনে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
