আন্তর্জাতিক ডেস্ক:
সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য দুই ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের সমুদ্রে সম্প্রতি এই অস্ত্রগুলোর পরীক্ষা পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে জানানো হয়, বুধবার (১৪ অক্টোবর) এই সামরিক পরীক্ষা সম্পন্ন হয়। উত্তর কোরিয়া জানিয়েছে, যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থার নির্ভরযোগ্যতা পরখ করা এবং কৌশলগত বিভিন্ন অভিযানে নৌবাহিনীর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করাই ছিল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মূল উদ্দেশ্য।
পরীক্ষাকৃত কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটি ছিল ‘পুলহওয়াসাল-৩-৩১’ (Pulhwasal-3-31) মডেলের। গত সপ্তাহে উত্তর কোরিয়া স্থলভাগ থেকেও কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছিল; এটি সেই একই সিরিজের অন্তর্ভুক্ত।
সমুদ্রের পূর্ব উপকূলে পরিচালিত এই কৌশলগত পরীক্ষাগুলো উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যবেক্ষণ করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জোর দিয়ে জানিয়েছে, এই পরীক্ষাগুলোর ফলে প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তার ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।
উল্লেখ্য, আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে বর্তমানে পূর্ণাঙ্গ ও আধুনিক কোনো ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন নেই। তবে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সামরিক অগ্রাধিকারের শীর্ষে রয়েছে একটি শক্তিশালী সাবমেরিন বহর গড়ে তোলা। বর্তমানে তিনি নিজে বিভিন্ন ধরণের কৌশলগত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও পরীক্ষামূলক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।
