ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই’: প্রধানমন্ত্রী

‘সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই’: প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে তিন বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুরে সংক্ষিপ্ত পথসভায় দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর যাওয়ার পথে পাগলাপীর এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

‘কৃষক ও খেটে খাওয়া মানুষের পাশে রাষ্ট্র’

পথসভায় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষসহ সব শ্রেণির মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান বিএনপি সরকারকে দেশের দায়িত্ব প্রদানের পর থেকেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে কাজ করা হচ্ছে।”

সরকারের বিভিন্ন সমাজকল্যাণমূলক পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “ইতিমধ্যেই আমরা প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি। কৃষকদের জন্য আলাদা ‘কৃষি কার্ড’ এবং নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। এছাড়া সামাজিক সম্প্রীতি রক্ষায় মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হয়েছে।”

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, “আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন। ঠিক একইভাবে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—যারা এ দেশে বসবাস করছি, বাংলাদেশ আমাদের সবার। তাই সবাই মিলে কঠোর পরিশ্রম করে দেশকে কাঙ্ক্ষিত চূড়ায় নিয়ে যাব—এটাই আমাদের আজকের দিনের অঙ্গীকার।”

রংপুর সফরের নানা মুহূর্ত

এর আগে সকালে ঢাকা থেকে আকাশপথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। সফরকালে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি সাধারণ জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন এবং হাত নেড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দেন।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুর নগরীর ঐতিহ্যবাহী ধর্মসভা (রাধা গোবিন্দ) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন তিনি। রংপুর সফর শেষে প্রধানমন্ত্রীর আজই রাজশাহী ও চট্টগ্রামের জেএম সেন হল মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে