ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » শুটিংয়ে আহত প্রিয়ন্তী

শুটিংয়ে আহত প্রিয়ন্তী

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)।

এতে নাকে গুরুতর আঘাত পান অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রিয়ন্তী উর্বী। সেখানে তিনি জানিয়েছেন, ঘটনাটি তার জন্য ছিল ভীষণ ভীতিকর।

তবে দুর্ঘটনায় কারও কোনো দোষ নেই বলেও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। 

দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়ন্তী লিখেছেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর! আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে আমি হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।

আমরা তখন মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে শুট করছিলাম। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।
দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না প্রিয়ন্তী। তার ভাষ্যে, শুটিংয়ের সময় সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবেই পালন করছিলেন। এটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। তবে সেই মুহূর্তে তাকে যে অসহনীয় ব্যথার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিও তুলে ধরেছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্য দিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।’

আঘাতের পর নাক ফুলে গেলেও ভেঙে যায়নি বলে জানিয়েছেন প্রিয়ন্তী। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

প্রিয়ন্তী উর্বী বলেন, ‘আমি তো ভেবেছিলাম হয়তো নাক ভেঙে গেছে। কিন্তু নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। ফেসেও তেমন কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, হয়তো আরও অনেক বড় কিছু হতে পারত। ব্যথা আছে প্রচণ্ড।’

আহত হলেও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী, জানালেন তারপরেও গতকাল রাত ২টা পর্যন্ত শুটিং করেছেন এমনকি আজকেও শুটিংয়ে অংশ নিয়েছেন। অভিনেত্রী বললেন, আর একদিন শুটিং করলে কাজটা শেষ হয়ে যাবে। এখন আমার জন্য পরিচালক থেকে শুরু করে টিমের সবার সমস্যা হোক সেটা চাইনি বলেই কাজটা শেষ করে দিতে চাচ্ছি।

জানা গেছে, প্রিয়ন্তী উর্বী এই মুহূর্তে  ‘মনের মতো’ নাটকের শুটিং করছেন। রাসেল আজম পরিচালিত এই নাটকে তার বিপরীতে রয়েছেন আরশ খান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে