ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শাকিবের পর কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদ, স্বপ্নপূরণের অপেক্ষায়

শাকিবের পর কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদ, স্বপ্নপূরণের অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে দেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে। এর ফলে শাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে অংশ নিতে যাচ্ছেন তিনি।

চোটের কারণে গত কয়েক মাস মাঠের বাইরে ছিলেন হাসান। তবে চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে ফেরার পরই তার সামনে খুলে যায় আরও বড় মঞ্চ। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি দল কেন্ট তাকে দলে ভিড়িয়ে নিজেদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করেছে।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে হাসান বলেন, “কেন্টের মতো সমৃদ্ধ ঐতিহ্যের একটি ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি ভীষণ গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলা আমার স্বপ্ন ছিল। এটি শুধু আমার নয়, বাংলাদেশের সবার জন্যই গর্বের মুহূর্ত।”

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে মোট ছয়টি ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। আগামী ১২ থেকে ১৫ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়েই তার কাউন্টি অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১৯ থেকে ২২ জুন কেন্টের পরবর্তী ম্যাচেও মাঠে নামবেন তিনি। এই দুই ম্যাচ শেষে দেশে ফিরবেন হাসান। পরে সেপ্টেম্বরে আবার ইংল্যান্ডে ফিরে মৌসুমের শেষ চারটি ম্যাচে অংশ নেবেন।

নিজের নতুন চ্যালেঞ্জ নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই ডানহাতি পেসার। কেন্টের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আমি কঠোর পরিশ্রম করে দলের সাফল্যে অবদান রাখতে চাই। প্রধান কোচ অ্যাডাম হলিওক এবং সাইমন কুকের সঙ্গে আমার কহয়েছে। দলের জন্য আমি কী দিতে পারি এবং আমার কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়েছে। এই কাউন্টির হয়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি।”

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে শুধু শাকিব আল হাসানই কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি দুটি ভিন্ন সময়ে ওরচেস্টারশায়ার এবং সারের হয়ে মাঠে নেমেছিলেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, প্রতিটি কাউন্টি দল সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করতে পারে, যদিও একাদশে একসঙ্গে খেলতে পারেন সর্বোচ্চ দুজন।

হাসানকে স্বাগত জানিয়ে কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, “আমরা হাসানকে দলে পেয়ে অত্যন্ত আনন্দিত। তার আন্তর্জাতিক মানের গতি আমাদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। তার আগমন আমাদের স্কোয়াডের শক্ত ভিতকে আরও মজবুত করবে।”

কাউন্টি ক্রিকেটের মতো প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ হাসান মাহমুদের ক্যারিয়ারের জন্য বড় মাইলফলক হয়ে উঠতে পারে। পাশাপাশি এটি বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যতের জন্যও ইতিবাচক বার্তা বহন করছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে