ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রোনালদোর পর্তুগালকে বিশ্বকাপে তুলতে নেপথ্যে অস্ট্রেলিয়ার হেনরিকস!

রোনালদোর পর্তুগালকে বিশ্বকাপে তুলতে নেপথ্যে অস্ট্রেলিয়ার হেনরিকস!

অস্ট্রেলিয়ার হয়ে আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪ টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন অলরাউন্ডার মইসেস হেনরিকস। ২০২১ সালের পর অসি জার্সিতে আর মাঠে নামা না হলেও এবার ভিন্ন পরিচয়ে দেখা যাবে তাঁকে। পর্তুগাল জাতীয় দলের হয়ে এক বড় দায়িত্ব কাঁধে নিচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। বিশ্ব ফুটবলে সমীহ জাগানিয়া নাম হলেও, ক্রিকেটে এখনও তেমন জায়গা করে নিতে পারেনি পর্তুগাল। কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি তারা। ফুটবল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোর দেশকে এবার বিশ্বকাপে তোলার মিশনে অধিনায়কত্ব পেয়েছেন হেনরিকস।

রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরা শহরেই জন্ম হেনরিকসের। তার ছোটবেলায় পর্তুগাল ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যায় পরিবার। সেখানেই জীবনের বাকিসময় কাটান হেনরিকস। অস্ট্রেলিয়াতেই গড়ে তোলেন নিজের ক্রিকেট ক্যারিয়ার।

লম্বা সময় ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের অবিচ্ছেদ্য অংশ ছিলেন হেনরিকস। তবে গত মাসে অনেকটা চমক দিয়েই হেনরিকস জানান, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আর খেলবেন না তিনি।

এর বদলে পর্তুগালে গিয়ে লিখবেন নতুন অধ্যায়। সেই লক্ষ্যেই এবার ফুটবলের দেশ পর্তুগালের ক্রিকেট অধিনায়কত্ব পেলেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার।

বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য ফিনল্যান্ডে চলতি সপ্তাহে শুরু হবে ইউরোপ অঞ্চলের উপ-আঞ্চলিক ‘সি’ কোয়ালিফায়ার। যেখানে ‘এ’ গ্রুপে ইসরায়েল, জার্মানি, গ্রিস ও চেক প্রজাতন্তের বিপক্ষে খেলবে পর্তুগাল।

বিশ্বকাপ টিকিট

আগামী ১৪ আগস্ট ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের এই অভিযান। সব দলের সব ম্যাচ শেষে গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। ওই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট।

ফাইনাল ম্যাচের জয়ী দল পাবে ইউরোপ অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের টিকিট। যেখানে আগে থেকে আছে জার্সি, স্কটল্যান্ড ও ডেনমার্ক। চূড়ান্ত বাছাই থেকে সেরা দুই দল পাবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বের টিকিট।

বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৩৭ নম্বরে আছে পর্তুগাল। বিশ্বকাপে খেলার জন্য সামনে এখন বেশ লম্বা পথ পাড়ি দিতে হবে তাদের।সেই মিশনে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার হেনরিকস ছাড়াও, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার সিরাজ উল্লাহ খাদেম, সাসেক্সের সাবেক কিপার-ব্যাটার ক্রেইগ কাচোপা ও দক্ষিণ আফ্রিকা আফ্রিকা ‘এ’ দলের সাবেক ক্রিকেটার ক্যামেরন শেক্লেটনও আছেন দলে।

পর্তুগালের টি-টোয়েন্টি স্কোয়াড

ময়সেস হেনরিকস (অধিনায়ক), ক্রেইগ কাচোপা, এডওয়ার্ড ফ্লেমিং, ক্রিস্টোফার ডি ফ্রেইটাস, রাহুল কুমার হাশু, সিরাজ উল্লাহ খাদেম, হার্দিপ খুট্টান, জেরেমি মার্টিন্স, ধবলকুমার নোরোতাম, জর্ডান নেতো, কার্লোস নুনেস, সেবাস্তিয়েন ডি অলিভেইরা, উপেন শান্টু, ক্যামেরন শেক্লেটন

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে