বিনোদন ডেস্ক
মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নিজের পেশাগত জীবনে ফিরেছেন উমাঙ্গা কুমাবত। প্রতিযোগিতার ঝলমলে মঞ্চের পর এখন আবার গুগলের বেঙ্গালুরু ক্যাম্পাসে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি।
২৩ আগস্ট জয়পুরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেন উমাঙ্গা। দেশের ৫২ প্রতিযোগীর মধ্যে সেরা ২০-এ জায়গা করে নেন তিনি। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হন কেরালার কাজিয়া লিজ মেহিয়া।
প্রতিযোগিতা শেষে গুগলের বেঙ্গালুরু অফিস থেকে নিজের কর্মদিবসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন উমাঙ্গা। ভিডিওতে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ল্যাপটপ, ব্যাকপ্যাক ও ইয়ারবাড নিয়ে অফিসে পৌঁছান তিনি।
কাজ শুরুর আগে অফিসের ওয়েলনেস সেন্টারে কিছু সময় কাটান উমাঙ্গা। ট্রেডমিলে হাঁটা, স্ট্রেচিং ও ব্যায়াম শেষে কাজে ফেরেন। দুপুরে ডেস্কে বসে ল্যাপটপে কাজ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা করেন।
দুপুরের খাবারে ক্যাফেটেরিয়ায় বিরিয়ানি ও ডেজার্টের মতো খাবারের সুযোগ থাকলেও তুলনামূলক স্বাস্থ্যকর নুডলস স্যুপ বেছে নেন তিনি। বিকেলে কফি বিরতির পর আবার কাজে মন দেন এবং দিনের দায়িত্ব শেষ করেন।
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, উমাঙ্গা গুগলে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ক্লাউড প্রযুক্তির পাশাপাশি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও জেনারেটিভ এআই নিয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
