ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মাতৃত্বের নতুন অধ্যায়ে রেড কার্পেটে মাহিরা

মাতৃত্বের নতুন অধ্যায়ে রেড কার্পেটে মাহিরা

বিনোদন ডেস্ক

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান আবারও মা হতে চলেছেন। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী সম্প্রতি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

প্রায় ১৭ বছর পর আবারও মাতৃত্বের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন মাহিরা। উৎসবে নিজের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে কথা বলার পাশাপাশি দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র ও শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মাহিরার প্রথম সন্তান আজলানের জন্ম ২০০৯ সালের দিকে। তৎকালীন স্বামী আলি আসকারির সঙ্গে বিচ্ছেদের পর ২০২৩ সালে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী। এবার তাঁদের সংসারেই আসতে যাচ্ছে নতুন অতিথি।

নিজের ব্যক্তিগত বিষয় সাধারণত প্রকাশ্যে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না মাহিরা। তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ করার সিদ্ধান্ত তাঁর জন্য সহজ ছিল না বলেও জানান তিনি। বিশেষ করে এবারই প্রথম অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরের রেড কার্পেটে অংশ নিয়েছেন।

তবে নিজের শারীরিক পরিবর্তন আড়াল না করে সেটিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন মাহিরা। উৎসবে তাঁকে দেখা যায় গাঢ় রঙের শাড়িতে। সূক্ষ্ম কারুকাজ করা পোশাকের সঙ্গে ছিল নকশাদার ওড়না। বড় কানের দুল, খোলা বেণি ও পরিমিত সাজে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া।

দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতাকে প্রথমবারের চেয়ে একেবারেই আলাদা বলে মনে করছেন মাহিরা। ২৪ বছর বয়সে প্রথম সন্তান জন্মের সময় ভবিষ্যৎ নিয়ে এতটা ভাবনা ছিল না তাঁর। তখন শরীরও ছিল তুলনামূলকভাবে বেশি কর্মক্ষম। কিন্তু চার দশক পেরিয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে শারীরিক পরিবর্তনগুলো এবার বেশি অনুভব করছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, এখন এমন অনেক দিন আসে যখন শরীর তাঁর পরিকল্পনা অনুযায়ী সাড়া দেয় না। অথচ কাজ, ভ্রমণ ও ব্যস্ততার জীবনেই অভ্যস্ত তিনি। ফলে নিজের স্বাভাবিক গতির সঙ্গে শরীরের বর্তমান অবস্থার সমন্বয় করাটাও নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠেছে।

শুধু শারীরিক পরিবর্তন নয়, মানসিকভাবেও এবারের মাতৃত্ব তাঁকে অন্যভাবে ভাবাচ্ছে। বয়স বাড়ার সঙ্গে জীবন সম্পর্কে উপলব্ধি বদলেছে। আনন্দের পাশাপাশি অনিশ্চয়তা, ক্লান্তি ও কিছুটা ভয়ও এই সময়ের অংশ হয়ে উঠেছে বলে জানান তিনি।

মাহিরার মতে, দ্বিতীয়বার মাতৃত্বের আগে তাঁর জীবন অনেকটাই নিজের মতো করে সাজানো ছিল। ছেলে বড় হয়ে গেছে, পেশাজীবনও ছিল প্রতিষ্ঠিত; নিজের সময় ও ভবিষ্যৎ নিয়েও ছিল নানা পরিকল্পনা। এত বছর পর আবার নতুন করে শিশুর আগমনের জন্য প্রস্তুত হতে হবে—এমনটা আগে ভাবেননি তিনি।

তবে হঠাৎ আসা এই পরিবর্তনকে এখন জীবনের একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবেই দেখছেন মাহিরা। তাঁর উপলব্ধি, ভবিষ্যৎ নিয়ে মানুষ যত পরিকল্পনাই করুক, জীবনের সব ঘটনা নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কখনো কখনো পরিবর্তনকে মেনে নিয়ে নতুন বাস্তবতার সঙ্গে এগিয়ে যেতে হয়।

টরন্টো চলচ্চিত্র উৎসরে মাহিরার উপস্থিতি তাই একই সঙ্গে তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের দুটি দিক সামনে এনেছে। আন্তর্জাতিক মঞ্চে দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরুর কথাও ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে