ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভারতে ইলিশ রপ্তানি বন্ধের আইনি পদক্ষেপ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধের আইনি পদক্ষেপ

নবপ্রকাশ ডেস্ক:

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং বাংলাদেশ থেকে নেওয়া ইলিশ ভারতীয় আমদানিকারকদের মাধ্যমে অন্যান্য দেশে পুনঃরপ্তানির অভিযোগের প্রেক্ষাপটে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত জাতীয় মাছ ইলিশের দাম বর্তমানে দেশের বাজারে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। স্থানীয় বাজারে এমন তীব্র সংকট থাকা সত্ত্বেও অতীতে কম দামে ভারতে ইলিশ রপ্তানি করে দেশের ভোক্তার স্বার্থ চরমভাবে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

আইনি নোটিশে আরও দাবি করা হয়, বাংলাদেশ থেকে তুলনামূলক কম দামে ইলিশ নিয়ে ভারতীয় আমদানিকারকরা তা পরবর্তীতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে উচ্চমূল্যে পুনঃরপ্তানি (Re-export) করে বিপুল মুনাফা লুটছে। এতে বাংলাদেশ কাঙ্ক্ষিত বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।

নোটিশদাতা আইনজীবী জানান, সরকার এখনো ভারতে ইলিশ রপ্তানির চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত বা অনুমোদন না দিলেও দেশের আপামর ভোক্তার অধিকার সুরক্ষায় আগাম এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে প্রস্তাব করা হয়, বৈশ্বিক বাজারে ইলিশ রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে হলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের পরিহার করে বাংলাদেশ নিজেই সরাসরি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বাজারে রপ্তানির স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করতে পারে।

আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সব প্রশাসনিক উদ্যোগ বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা, স্থানীয় বাজারে ইলিশের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতায় আনা এবং সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির নীতিমালা তৈরির অনুরোধ জানানো হয়েছে নোটিশে। অন্যথায় দেশের নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলে জানান নোটিশকারী আইনজীবী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে