ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ব্র্যাক ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক

ব্র্যাক ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক

নবপ্রকাশ ডেস্ক:

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

ড. আবদুর রাজ্জাক বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও যুক্ত রয়েছেন।

অর্থনীতি, উন্নয়ন, বাণিজ্যনীতি ও জননীতি বিষয়ে দেশ-বিদেশে কাজের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ড. রাজ্জাকের। এর আগে তিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেও দীর্ঘদিন শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আন্তর্জাতিক অঙ্গনে সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নীতি নির্ধারণ ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। ড. রাজ্জাক একাধিকবার জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপে কারিগরি উপস্থাপনা করেছেন এবং যুক্তরাজ্য পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের বিভিন্ন কমিটিতে বক্তব্য প্রদান ও প্রমান উপস্থাপনের জন্য আমন্ত্রিত হয়েছেন।

বাংলাদেশে এলডিসি উত্তরণ ও পরবর্তী সমন্বয়, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য নিরসন, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে তাঁর বিস্তর গবেষণা রয়েছে। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর নীতি গবেষণার কাজেও যুক্ত ছিলেন।

নতুন এই নিয়োগ নিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্যাংকটি বর্তমানে প্রবৃদ্ধি ও রূপান্তরের এক গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে। এ সময়ে শক্তিশালী সুশাসন ও কৌশলগত তদারকি অত্যন্ত জরুরি। ড. রাজ্জাকের গবেষণা, শিক্ষকতা ও উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী অভিজ্ঞতা ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, ড. আবদুর রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অর্থায়নের উদ্দেশ্য নিয়ে ২০০১ সালে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক। বর্তমানে ব্যাংকটির ৩১২টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের সুবিশাল নেটওয়ার্ক রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে