খেলা ডেস্ক
বিগ ব্যাশ লিগে (বিবিএল) বিদেশি ক্রিকেটারদের পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর বড় অঙ্কের খরচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। নতুন চুক্তি কাঠামোয় বিদেশি খেলোয়াড়দের ড্রাফট বাতিল হওয়ায় স্থানীয় ক্রিকেটাররা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না বলে মনে করেন তিনি।
নতুন নিয়মে বেতনসীমার অর্থ কীভাবে ব্যবহার করবে, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগের তুলনায় বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। জাম্পার মতে, এর ফলে নির্দিষ্ট কিছু বিদেশি ক্রিকেটারকে দলে নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করার সুযোগ তৈরি হয়েছে।
আসন্ন মৌসুমের জন্য হোবার্ট হারিকেনসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন জাম্পা। এর মধ্য দিয়ে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কেরও ইতি ঘটেছে।
১২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা নতুন বিগ ব্যাশ মৌসুম। এরই মধ্যে ইংল্যান্ডের তারকা বেন স্টোকস বড় চুক্তিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন। গত মৌসুমে পার্থ স্কর্চার্সের হয়ে দারুণ পারফর্ম করা ফিন অ্যালেনও বড় চুক্তি পেতে পারেন বলে আলোচনা চলছে।
জাম্পার দাবি, বিদেশি ড্রাফট ও অর্থ বণ্টনের নতুন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। স্থানীয় ক্রিকেটাররা আশা করেছিলেন, পরিবর্তনের ফলে তারা আর্থিকভাবে বেশি লাভবান হবেন। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
তবে বিশ্বমানের ক্রিকেটারদের বিবিএলে খেলা যে প্রতিযোগিতার মান বাড়াবে, সেটিও স্বীকার করেছেন জাম্পা। তার মতে, স্টোকসের মতো তারকার উপস্থিতি লিগের আকর্ষণ বাড়াবে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগের সুফল যেন অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেটাররাও পান, সেটি নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে মঙ্গলবার বিগ ব্যাশকে বেসরকারি মালিকানায় দেওয়ার অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন রেনেগেডসই হতে যাচ্ছে বিক্রি হওয়া প্রথম ফ্র্যাঞ্চাইজি। এই পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য আরও সুযোগ তৈরি হবে বলে আশা করছেন জাম্পা।
বর্তমান পরিস্থিতিকে কিছুটা দ্বিমুখী হিসেবেই দেখছেন এই লেগস্পিনার। অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতিষ্ঠিত খেলোয়াড়রা নিজেদের চুক্তির কারণে ভালো অবস্থানে থাকলেও অন্য স্থানীয় ক্রিকেটারদের জন্য পরিস্থিতি ততটা সুবিধাজনক নয়। কারণ ড্রাফট না থাকায় কমসংখ্যক বিদেশি ক্রিকেটারের পেছনেও বড় অঙ্কের অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে।
হোবার্টে যোগ দেওয়ার আগে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছিলেন জাম্পা। শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারের জন্য হোবার্ট হারিকেনসকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে তার।
৩৪ বছর বয়সি জাম্পা বিবিএলের অন্যতম সফল স্পিনার। এখন পর্যন্ত ১২১ ম্যাচে ১৩৮ উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৭.২৮। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ উইকেটশিকারি বোলার জাম্পা।
