জীবনযাপন ডেস্ক
গরমে বাইরে থেকে ফিরে অনেকেই স্বস্তি পেতে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি পান করেন। কিন্তু ঠান্ডা পানি খেলে ওজন বেড়ে যায়—এমন ধারণা কতটা সত্য, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।
পুষ্টিবিদদের মতে, পানির তাপমাত্রার সঙ্গে ওজন বৃদ্ধি বা কমার সরাসরি কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ঠান্ডা পানি পান করলেই ওজন বাড়বে, এমন প্রমাণ নেই। একইভাবে শুধু গরম পানি খেলেই দ্রুত শরীরের অতিরিক্ত মেদ কমে যাবে—এ ধারণাও সঠিক নয়।
বরং শরীরে পর্যাপ্ত পানি না থাকলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। পানিশূন্যতার কারণে শরীরের স্বাভাবিক বিপাকপ্রক্রিয়া ও হজমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি শরীর সুস্থ রাখতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করা জরুরি।
শুধু সাধারণ পানি পান করতে ভালো না লাগলে ডাবের পানি, ডালের পাতলা ঝোল, ফল বা সবজির স্যুপের মতো তরল খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে চিনিযুক্ত কোমল পানীয়কে পানির বিকল্প হিসেবে বেছে নেওয়া উচিত নয়।
পানি পাওয়ার পরিমাণ বাড়াতে প্রতিদিনের খাবারে পানিসমৃদ্ধ ফল ও সবজি রাখা যেতে পারে। শসা, কমলালেবু, লেটুস, পালংশাক ও মুলার মতো খাবার শরীরে তরলের জোগান বাড়াতে সহায়ক।
এ ছাড়া কাজের জায়গা, পড়ার টেবিল কিংবা বাইরে বের হলে সঙ্গে পানির বোতল রাখার অভ্যাস করা যেতে পারে। নিয়মিত পানি খাওয়ার কথা মনে না থাকলে মোবাইলে নির্দিষ্ট সময় পরপর অ্যালার্ম দেওয়া বা পানি পানের হিসাব রাখার অ্যাপ ব্যবহার করাও কাজে আসতে পারে।
তাই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কায় ঠান্ডা পানি এড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই। বরং শরীরের চাহিদা অনুযায়ী নিয়মিত পর্যাপ্ত পানি পান করাই গুরুত্বপূর্ণ।
