ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » প্যারিসে আন্দোলনের উত্তাপ, মাঠে পিএসজি-বার্সেলোনা মহারণ!

প্যারিসে আন্দোলনের উত্তাপ, মাঠে পিএসজি-বার্সেলোনা মহারণ!

স্পোর্টস ডেস্ক:

কঠোর আন্দোলনের আগুনে জ্বলছে ফ্রান্স। ভালোবাসার শহর হিসেবে পরিচিত প্যারিস এখন সহিংসতা, বিক্ষোভকারী ও পুলিশের তুমুল সংঘর্ষে রীতিমতো অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে। রাজনীতির সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজ মঙ্গলবার রাতে এক অনবদ্য ফুটবল দ্বৈরথের সাক্ষী হতে যাচ্ছে প্যারিস। ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। অস্থিরতার দাবানল সরিয়ে এই ম্যাচ ফুটবলপ্রেমীদের কিছুটা আনন্দ দিতে পারবে কি না—তা নিয়েই এখন মূল চর্চা। যদিও আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো হেভিওয়েট ক্লাবগুলো, তবে সব রোমাঞ্চকে ছাপিয়ে পুরো বিশ্বফুটবলের চোখ এখন প্যারিসেই।

এমন এক হাইভোল্টেজ লড়াইয়ের আগে মারাত্মক রক্ষণ সংকটে পড়ে চরম বিপাকে পড়েছে বার্সেলোনা। দুই প্রধান রক্ষণভাগের সেনানী জুলেস কুন্দে ও এরিক গার্সিয়াকে আজকের ম্যাচে পাচ্ছে না কাতালান ক্লাবটি। ইনজুরির কারণে গার্সিয়া তো এমনকি আগামী ২৫ অক্টোবরের মর্যাদাপূর্ণ ‘এল ক্লাসিকো’ থেকেও ছিটকে গেছেন। চলতি মৌসুমে কুন্দে ও গার্সিয়া দুজনেই বার্সার রাইটব্যাক হিসেবে দায়িত্ব সামলে আসছিলেন। অন্যদিকে জোয়াও ক্যানসেলো, জাভি এস্পার্ত ও ফর্মে না থাকা আলেহান্দ্রো বালদে মূলত লেফটব্যাক। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে লেফটব্যাকে খেলা কাউকেই আজ রাইটব্যাকে নামাতে হতে পারে কোচ হ্যান্সি ফ্লিককে।

শুধু রাইটব্যাকই নয়, সেন্টারব্যাকের সমস্যাও বেশ প্রকট। চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন। এরিক গার্সিয়াও সেন্টারব্যাকে খেলতে পারতেন। ফলে এখন কোচের হাতে প্রস্তুত থাকা একমাত্র বিশেষজ্ঞ সেন্টারব্যাক জুটি কেবল পাউ কুবার্সি ও জেরার্দ মার্তিন। আপৎকালীন সমাধান হিসেবে আজ প্রয়োজনে মিডফিল্ডার রদ্রি কিংবা ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের মধ্য থেকে যেকোনো একজনকে রক্ষণভাগে নামাতে পারেন বার্সা বস ফ্লিক।

চলতি মৌসুমে আক্রমণের তাণ্ডবে টানা ১১ ম্যাচে শতভাগ জয়ের অবিশ্বাস্য ধারা বজায় রেখেছে বার্সেলোনা। কিন্তু রক্ষণভাগের দুর্বলতায় মাত্র ৪টি ম্যাচে জাল অক্ষত (ক্লিন শিট) রাখতে পেরেছে তারা। ফলে পিএসজির বিধ্বংসী ফরোয়ার্ডদের সামনে নিজেদের এই ভঙ্গুর রক্ষণই বার্সার সবচেয়ে বড় চিন্তার কারণ। অবশ্য তাঁদের আক্রমণভাগ রয়েছে সম্পূর্ণ প্রস্তুত ও দুর্দান্ত ফর্মে। শেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে দৃষ্টিনন্দন গোল ও অ্যাসিস্ট করে দারুণ ছন্দে আছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক বিরতির চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহাও।

এদিকে প্রতিপক্ষের সেরা ট্রাম্পকার্ড লামিনে ইয়ামালকে নিষ্ক্রিয় করার বিশেষ কৌশল উদ্ভাবনের দাবি করেছেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তাঁর মতে, তরুণ এই ফরোয়ার্ডকে অকার্যকর করে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হলো বলের ওপর শতভাগ নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা।

ইয়ামালকে বিশ্বসেরাদের একজন আখ্যা দিয়ে পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা বলেন, “সে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, এটা অস্বীকার করার উপায় নেই। সে এখন মাঠে যা করে দেখাচ্ছে, তা সত্যি অবিশ্বাস্য। তাঁর মতো তারকা ফুটবলারের মুখোমুখি হওয়া সবসময়ই আনন্দের। আমরা জানি লামিনে বিশেষ একজন, তবে বার্সেলোনা দল হিসেবেও খুব বিপজ্জনক। তাঁদের থামাতে হলে শুরু থেকেই আমাদের পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে