ফিলিস্তিন ভূখণ্ডের সংযুক্তিকরণ বা দখল স্থায়ী করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি। তিনি দাবি করেছেন, ইসরাইলের পতন অবশ্যম্ভাবী। খবর মেহের নিউজ এজেন্সির।
বুধবার (১৯ আগস্ট) তেহরানে দেওয়া এক বক্তব্যে জেনারেল কায়ানি বলেন, অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর দখলদারত্ব চালানো ইসরাইলি সমাজ ‘সামাজিক ক্যানসারে’ আক্রান্ত। ভেতর থেকেই দেশটির পতন অনিবার্য।
তিনি বলেন, পশ্চিম তীরে বেপরোয়া ও সহিংস সন্ত্রাসীরা ফিলিস্তিনের বৈশ্বিক আন্দোলনকে আড়ালে ঠেলে দিতে পারবে না। ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিশ্বজুড়ে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে থাকবে।
কায়ানি আরও বলেন, ইসরাইলের পক্ষ থেকে ফিলিস্তিন ভূখণ্ড সংযুক্ত করার যে কোনো উদ্যোগ বাস্তবায়িত হওয়ার সুযোগ নেই। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘অপরাধী ইসরাইলি শাসনের পতন নিশ্চিত।’
