ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নতুন প্রজন্মের প্রতিক্রিয়ার অপেক্ষায় পথিক নবী

নতুন প্রজন্মের প্রতিক্রিয়ার অপেক্ষায় পথিক নবী

বিনোদন ডেস্ক

প্রায় দেড় দশক পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গান শোনাতে যাচ্ছেন সংগীতশিল্পী পথিক নবী। আগামী ১৮ সেপ্টেম্বর কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঢাকা-এর রজতজয়ন্তী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। দীর্ঘ বিরতির পর টিএসসিতে ফেরার ঘটনায় পুরোনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন এই শিল্পী।

টিএসসিকেই নিজের সংগীতচর্চার শুরুর জায়গা হিসেবে উল্লেখ করে পথিক নবী বলেন, বন্ধুদের উৎসাহে সেখান থেকেই তার গানের যাত্রা শুরু হয়েছিল। টিএসসি, শাহবাগ, পাবলিক লাইব্রেরি, পিজি হাসপাতালের বারান্দা ও সোহরাওয়ার্দী উদ্যানে গান করার স্মৃতি এখনো তার মনে উজ্জ্বল।

দীর্ঘদিন পর টিএসসিতে গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত পথিক নবী। পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতারা তার গান কীভাবে গ্রহণ করবেন, তা নিয়েও তার মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তিনি জানান, বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল। তাই শাহবাগের সময়কার নিজের পুরোনো গানগুলো তাদের কাছে কেমন লাগবে, সেটি দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

সম্প্রতি ‘মাটি’ সিনেমার ‘মাটির পুতুল’ গানেও কণ্ঠ দিয়েছেন পথিক নবী। প্রায় ২২ বছর পর সিনেমার গানে ফিরেছেন তিনি। গানটির কথা ও সুর করেছেন আবেগী জাকির এবং সংগীতায়োজন করেছেন জিমি শাহ।

এ ছাড়া নিজের কথা ও সুরে ‘ও পাখি’ গান প্রকাশ করেছেন এই শিল্পী। চিত্রশিল্পী ধ্রুব এষের লেখা ‘মায়ার মা’ গানটিতেও সুর দিয়েছেন তিনি। গানটি শিগগির রেকর্ড করার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ প্রায় ১০ বছর নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন পথিক নবী। শারীরিক ও মানসিক নানা সমস্যার পাশাপাশি অডিও ইন্ডাস্ট্রির পরিবর্তনের সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে সময় লেগেছে বলে জানান তিনি। তবে আবারও নিয়মিত গান প্রকাশের পরিকল্পনা করছেন এই শিল্পী।

পথিক নবী বলেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন নতুন গান উপহার দিতে চান। ইতোমধ্যে কয়েকজন সিনিয়র ও তরুণ শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। পর্যায়ক্রমে সেসব গান প্রকাশ করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে