ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » তিন বছর পর ঘরের মাঠে ফিরছে আইপিএল নিলাম

তিন বছর পর ঘরের মাঠে ফিরছে আইপিএল নিলাম

আইপিএলের নিলাম এবার আর বিদেশে নয়। ২০২৭ সালের আইপিএলের আগে ভারতেই মিনি নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল গভর্নিং কাউন্সিলের (জিসি) সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

২০২৩ সালে কোচিতে হয়েছিল আইপিএলের নিলাম। এরপর টানা তিন বছর ভারতের বাইরে বসেছে নিলামের আসর। দুবাই, জেদ্দা ও আবুধাবি ছিল সেই নিলামগুলোর আয়োজক। তবে এবার পুরোনো পথেই ফিরছে বিসিসিআই।

ভারতের কোনো এক শহরে হবে ২০২৭ সালের মিনি নিলাম। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী বছরের মেগা নিলাম অবশ্য আবারও বিদেশে হতে পারে।

ভারতের বাইরে মিনি নিলাম আয়োজন নিয়ে শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো আপত্তি জানিয়ে আসছিল। কারণ দলগুলোর প্রতিনিধিদল নিয়ে বিদেশে যাওয়া, থাকা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয় নানা জটিলতা।

গত বছর আবুধাবিতে নিলাম আয়োজনের সময়ও এটি বিসিসিআইয়ের নজরে আসে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামত বিবেচনায় নিয়েই এবার নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জিসি।

তবে নিলাম হবে ভারতের কোন শহরে, সেটি ঠিক হয়নি। মূল বিবেচনায় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর থাকা ও অন্যান্য আয়োজনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা। পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া যাবে কি না, সেটিও বড় বিষয়। কারণ নিলামের জন্য টানা দু-তিন রাত ১০০টির বেশি কক্ষ প্রয়োজন হবে বিসিসিআইয়ের।

অনিশ্চিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম

এদিকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের ভবিষ্যৎ নিয়েও সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আপাতত খোলাই রেখেছে গভর্নিং কাউন্সিল। আগামী এক মাসের মধ্যে আবার সভায় বসবে জিসি। সেখানেই নিয়মটি রাখা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিই নিয়মটি তুলে দেওয়ার পক্ষে। তবে দলগুলোর একটি অংশ মনে করছে, অন্তত আরও এক মৌসুম নিয়মটি রাখা হতে পারে। কারণ, দল গঠনের সময় তারা ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম মাথায় রেখেই স্কোয়াড সাজিয়েছে।

তাই এখনই নিয়মটি বাতিল করা হলে সেটি তাদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলোর একাংশের মত, নিয়মটি শেষ পর্যন্ত তুলে দিতে হলে আগামী বছর মেগা নিলামের আগে সিদ্ধান্ত নেওয়াই ভালো।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে