ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‘ডু অর ডাই’ ম্যাচে মেসির মিয়ামি

‘ডু অর ডাই’ ম্যাচে মেসির মিয়ামি

স্পোর্টস ডেস্ক:

ক্যাম্পিওনেস কাপ জয়ের দারুণ সাফল্য পেছনে ফেলে আবারও ঘরোয়া লিগে মাঠে নামছেন লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামি। ক্যারিয়ারের ৪৮তম ট্রফি জয়ের সেই ঐতিহাসিক ফাইনালে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার মেজর লিগ সকারে (এমএলএস) ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াইয়ে নামছে মায়ামি।

আগামীকাল ভোর ৫টায় এমএলএসের ২৬তম রাউন্ডের ম্যাচে ওয়েস্টার্ন কনফারেন্সের দল সান দিয়েগোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। চ্যাম্পিয়নশিপ আসরে সাফল্য পেলেও আমেরিকান এই লিগটিতে সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না দলটির। নিজেদের শেষ সাতটি লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে ফ্লোরিডার দলটি। এমএলএসে প্রধান কোচ হিসেবে কিলিয়ান গনজালেসের এটিই প্রথম ম্যাচ হতে যাচ্ছে, যদিও ক্রুজ আসুলের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার ডাগআউটে ছিলেন তিনি।

এদিকে কনফারেন্সের শীর্ষস্থান দখল করা যে মায়ামির জন্য বেশ কঠিন, তা ভালো করেই জানেন মেসি। লিগ টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের বিপক্ষে শেষ মুহূর্তের গোল হজম করে ২-২ ড্র করাকে শিরোপা লড়াইয়ের স্বপ্নে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ইন্টার মায়ামির সংগ্রহ ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট, যা শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৯ পয়েন্ট কম। ফলে লিগের ট্রফি জয়ের দৌড়ে টিকে থাকতে হলে বাকি প্রতিটি ম্যাচেই মায়ামির জয় ছাড়া বিকল্প নেই।

অন্যদের মতো প্রতিপক্ষ সান দিয়েগোর সাম্প্রতিক সময়ও ভালো যাচ্ছে না। টানা তিন ম্যাচে হেরে ধুঁকতে থাকা সান দিয়েগো ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে মায়ামির কেবল জিতলেই চলবে না, শীর্ষে ওঠার সমীকরণে তাদের সান দিয়েগোর বিপক্ষে জয়ের পাশাপাশি ন্যাশভিলের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে।

এদিকে জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে ভক্তদের মনে সংশয় থাকলেও জানা গেছে, আর্জেন্টিনার জাতীয় দলে যোগ দেওয়ার আগে এটি মেসির শেষ ম্যাচ নয়। স্কালোনির আর্জেন্টিনা স্কোয়াডের অন্যান্য ফুটবলাররা চলতি সপ্তাহের ম্যাচ শেষেই ফিফা আন্তর্জাতিক বিরতির উদ্দেশ্যে আলবিসেলেস্তে শিবিরে যোগ দেবেন। তবে ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচের আগে এটি মেসির শেষ ম্যাচ হচ্ছে না।

আর্জেন্টিনা ফুটবলের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচের জন্যই কেবল জাতীয় দলে যোগ দেবেন মেসি। আন্তর্জাতিক বিরতির মধ্যেও এমএলএস সূচি সচল থাকায় আগামী রোববার কলম্বাস ক্রুয়ের বিপক্ষে আরেকটি অফিশিয়াল ম্যাচে মাঠে নামবেন তিনি। আপাতত সব নজর আগামীকাল সান দিয়েগোর বিপক্ষে ম্যাচটির দিকে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে