ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ডিজিটাল লেনদেনে ৩০ ব্যাংকে বিভ্রাট

ডিজিটাল লেনদেনে ৩০ ব্যাংকে বিভ্রাট

নবপ্রকাশ ডেস্ক:

দেশের ব্যাংকিং খাতের অন্যতম বৃহৎ পেমেন্ট গেটওয়ে ‘কিউক্যাশ’-এর প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে একযোগে ৩০টি সরকারি ও বেসরকারি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড, এটিএম বুথ, পিওএস টার্মিনাল এবং অনলাইনের ফান্ড ট্রান্সফার সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের আগাম কোনো নোটিশ ও পূর্বঘোষণা ছাড়াই টানা প্রায় ছয় দিনের জন্য এই সেবা বন্ধ রাখায় সারা দেশে চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ গ্রাহক।

গ্রাহকস্বার্থ ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কিউক্যাশের মূল পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির (আইটিসি) ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে এবং দ্রুততম সময়ে স্যুইচিংসহ সকল কার্ড সেবা চালুর কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে আইটিসি পরিচালিত কিউক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের কারণে নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ও এনপিএসবি সংক্রান্ত ডিজিটাল লেনদেন ব্যাহত হচ্ছে।

তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, এনপিএসবি প্লাটফর্মের সাথে সরাসরি যুক্ত অন্যান্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলোর লেনদেন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য প্ল্যাটফর্ম—যেমন বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACH), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS)-সহ দেশের সামগ্রিক পরিশোধ ব্যবস্থার লেনদেন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এই সময়ে গ্রাহকদের বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আইটিসির প্রচারিত নোটিশ অনুযায়ী, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউক্যাশ নেটওয়ার্কের এই সিস্টেমে মাইগ্রেশন কার্যক্রম চলবে। এর ফলে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল, আইএফআইসি, এনসিবি ও ট্রাস্ট ব্যাংকসহ ৩০টি ব্যাংকের কার্ডধারীরা কোনো প্রকার এটিএম ক্যাশ উত্তোলন, সিআরএম, পিওএস মেশিন কিংবা ইন্টারনেট ব্যাংকিং ট্রান্সফার সুবিধা পাচ্ছেন না।

আইটিসির পক্ষ থেকে এই পদক্ষেপকে হঠাৎ এগিয়ে আনার কারণ হিসেবে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় ব্যাংক ও গ্রাহকদের না জানিয়ে সেবা স্থগিত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “যে কারণেই হোক, প্রযুক্তিগত এই জটিলতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট নির্দেশনা রয়েছে—যেকোনো রক্ষণাবেক্ষণ কাজের আগে পত্রিকা, টিভি ও এসএমএসের মাধ্যমে গ্রাহকদের আগাম জানাতে হবে। কিউক্যাশ বা সংশ্লিষ্ট ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে এ বিষয়ে কিছুই জানায়নি। অতি দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে এর আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে