গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে ভারত। চাপের মধ্যেই লঙ্কানদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে দিনেশ চান্দিমালের চোট। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ব্যাটারকে নেওয়া হয়েছে হাসপাতালে।
আজ ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লোকেশ রাহুলের শট থামাতে ডিপ স্কয়ার লেগের দিকে দৌড়ে যান চান্দিমাল। ডাইভ দিয়ে বলটি বাউন্ডারি পার হওয়া ঠেকান। এতে ভারত চার রানের বদলে দুই রান পায়। তবে সীমানার ওপারে পড়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন চান্দিমাল।
প্রচণ্ড অস্বস্তিতে তাকে কখনো ঘাড়, কখনো মাথা ও কাঁধ চেপে ধরতে দেখা যায়। সতীর্থরা, দলের ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক দ্রুত ছুটে গিয়ে চান্দিমালের প্রাথমিক চিকিৎসা করেন।
কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে মাঠ ছাড়েন চান্দিমাল। তার বদলি হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা। হাসপাতালে চান্দিমালের স্ক্যান করা হবে।
স্ক্যানে গুরুতর চোট ধরা পড়লে গল টেস্টের বাকি অংশে চান্দিমালের বদলে কনকাশন সাবস্টিটিউট নেওয়ার সুযোগ পেতে পারে শ্রীলঙ্কা। দলের স্কোয়াডে থাকা অতিরিক্ত টপ-অর্ডার ব্যাটার সুরিয়াবান্দারাই সে ক্ষেত্রে সম্ভাব্য বদলি।
এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেছিলেন চান্দিমাল। স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ভারত প্রথম ইনিংসে ১৭৮ রানের লিড নেয়। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে ভারত। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের চেয়ে ২৯৪ রানে এগিয়ে সফরকারীরা।
