ঢাকা
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জিদানকে টপকে এনরিকের নতুন ইতিহাস: পিএসজির ঝুলিতে আরেক মেগা ট্রফি!

জিদানকে টপকে এনরিকের নতুন ইতিহাস: পিএসজির ঝুলিতে আরেক মেগা ট্রফি!

স্পোর্টস ডেস্ক

এত দিন তালিকায় ছিল শুধু তিনটি ক্লাব—আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে সালজবুর্গের রেড বুল অ্যারেনায় নতুন সঙ্গী পেল ইউরোপিয়ান ফুটবলের এই তিন জায়ান্ট। পিএসজি!

উয়েফা সুপার কাপ ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের পর্দা উন্মোচনী ম্যাচ। রেড বুল অ্যারেনায় সে ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টটির ট্রফি জিতে তিনটি ক্লাবের পাশে নাম লেখাল লুইস এনরিকের দল।২০ মিনিটে খিচা কাভারাস্কাইয়ার দারুণ গোলে এগিয়ে যায় পিএসজি। ৪৫ মিনিটে ব্রায়ান মাজোর গোলে সমতায় ফেরে ইংলিশ ক্লাবটি। সুপার কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে গোলের রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এ ইংলিশ স্ট্রাইকার। ভিলার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে এটা ছিল মাজোর অভিষেক। ৬১ মিনিটে দেজিরে দুয়ের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত জয় তুলে নেয় পিএসজি।

সর্বশেষ মৌসুমের চ্যাম্পিয়নস লিগজয়ী ও ইউরোপা লিগজয়ী দুই দল মুখোমুখি হয় সুপার কাপে। চ্যাম্পিয়নস লিগসহ গত মৌসুমে মোট পাঁচটি ট্রফিজয়ী পিএসজি এবারও ট্রফি জিতেই মৌসুম শুরু করল। আগামী রোববার ফ্রেঞ্চ সুপার কাপে লেঁসের বিপক্ষে জিতলে আরও একটি ট্রফি জয়ের সুযোগ পাবে পিএসজি।

জয়ের পর পিএসজি কোচ এনরিকে বলেন, ‘জানতাম, কঠিন লড়াই হতে চলেছে। তবে আমরা যেভাবে খেলেছি, তা সম্ভব হয়েছে আমার খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য প্রমাণ করায়। হয়তো আমরা সেরা শারীরিক অবস্থায় নেই, কিন্তু আবারও আমরা নিজেদের ডিএনএ দেখিয়ে দিলাম।’এনরিকে এ নিয়ে ছয়টি ইউরোপিয়ান ট্রফি জিতলেন। অ্যালেক্স ফার্গুসন ও জিওভান্নি ত্রাপাত্তোনি তাঁর সমান ইউরোপিয়ান ট্রফি জিতেছেন। সর্বোচ্চ ১০টি জিতেছেন কার্লো আনচেলত্তি, ৭টি জিতে দুইয়ে পেপ গার্দিওলা। তবে এনরিকে একটি জায়গায় অনন্য। ছয়টি ইউরোপিয়ান ফাইনালের সব কটিতেই ট্রফি জিতেছেন এনরিকে। স্প্যানিশ কোচ এ পথে পেছনে ফেললেন জিনেদিন জিদানের পাঁচ ফাইনালে পাঁচটি ট্রফি জয়কে।

ক্যানাল প্লাসকে এনরিকে বলেন, ‘পরপর দুটি টুর্নামেন্টে জয় পাওয়া ভীষণ কঠিন, তাই এই সাফল্যের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে, উচ্চাভিলাষী ও পেশাদার হতে হবে এবং আবারও জয়ের চেষ্টা চালাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’

ভিলা কোচ উনাই এমেরি হতাশ হতেই পারেন। এ নিয়ে চারবার উয়েফা সুপার কাপে হারলেন এমেরি। আর কোনো কোচ এই টুর্নামেন্ট তাঁর মতো এতবার খালি হাতে ফেরেনি। ২০১৪ ও ২০১৫ সালে সেভিয়া, ২০২১ সালে ভিয়ারিয়াল এবং এবার ভিলার কোচ হিসেবে হারলেন এমেরি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে