ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জামালপুরে দুটি নতুন গ্যাস কূপ খনন শুরু হচ্ছে

জামালপুরে দুটি নতুন গ্যাস কূপ খনন শুরু হচ্ছে

নবপ্রকাশ ডেস্ক:

জাতীয় জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের সুসংবাদ এসেছে জামালপুরের মাদারগঞ্জ থেকে। উপজেলার দেশের ৩০তম গ্যাসক্ষেত্র ‘জামালপুর-১’-এর অনুসন্ধান কূপ খননকাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন গড়ে ৫ মিলিয়ন (৫০ লাখ) ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সাথে সংলগ্ন এলাকায় আরও দুটি নতুন সম্ভাবনাময় গ্যাস খনির প্রাথমিক সন্ধান মিলেছে, যেখানে কূপ খননের প্রস্তুতি জোরেশোরে শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)।

বাপেক্স সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়ায় ১৯৮০ সালের সিসমিক জরিপে প্রথম গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। পরবর্তীতে ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে গভীর সিসমিক সার্ভে শেষে ২০২৫ সালের ২৪ জানুয়ারি ‘জামালপুর-১’ কূপের আনুষ্ঠানিক খনন শুরু হয়। চলতি বছরের ১ জুন সেখানে ৭ দশমিক ২২ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফিট) আয়তনের বাণিজ্যিকভাবে গ্রহণযোগ্য গ্যাসের মজুত সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়।

বাপেক্সের তথ্যমতে, প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে ৬ একর জমির ওপর নির্মিত ২,৬০০ মিটার গভীরতার এই কূপে ১,৪৪১ থেকে ১,৪৪৫ মিটার গভীরতায় প্রধান গ্যাসসমৃদ্ধ স্তরের সন্ধান মিলেছে। জামালপুর-১ কূপ ইনচার্জ বায়েজিত হোসেন জানান, প্রথম ধাপের হিসাব অনুযায়ী এখান থেকে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

এদিকে জামালপুর-১ কূপে সফলতার পর পার্শ্ববর্তী গুনারিতলা ইউনিয়নের সিংদহ এলাকায় ‘জামালপুর-২’ এবং চরপাকেরদহ ইউনিয়নের নব্বইচরে ‘জামালপুর নর্থ-১’ নামে আরও দুটি উন্নয়নমূলক কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নতুন দুই খনিতে সিভিল অবকাঠামো নির্মাণের কাজ চলছে। প্রায় ২,৫০০ মিটার গভীরতায় খনন শেষে তিন কূপের গ্যাস একত্রিত করে জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন দুই কূপের মজুত ও উৎপাদন সক্ষমতা মূল্যায়নের পর একই সাথে তিন কূপ থেকে গ্যাস সরবরাহের রূপরেখা প্রস্তুত করা হচ্ছে। গ্যাস সরবরাহের অংশ হিসেবে মাদারগঞ্জের তারতাপাড়া থেকে সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সার কারখানা (JFCL) পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন পাইপলাইন স্থাপনের প্রাথমিক প্রস্তাবনা পাস হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে